রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান পাল্টাবে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে অবস্থান পাল্টাবে না বাংলাদেশ। তবে দাঙ্গা-উপদ্রুত রাখাইন রাজ্য (আরাকান নামেও পরিচিত) থেকে পালিয়ে আসা মানুষের প্রতি মানবিক আচরণ করবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারসংলগ্ন সীমান্ত এলাকায় সতর্কাবস্থায় থাকবে। গতকাল সোমবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) এক বৈঠকে সরকারের এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্সের ওই এলাকায় চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কারণ স্যান্ডার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করে সম্প্রতি টেকনাফ সীমান্ত এলাকায় ঘুরে এসেছেন। এতে সরকার তাঁর প্রতি অসন্তুষ্ট। বিষয়টি গতকালের বৈঠকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউএনএইচসিআরের সহকারী কমিশনার (সুরক্ষা) এরিকা ফেলারের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর পিছিয়ে গেছে। আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সফরের সময় পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে এরিকা ফেলারের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের বিষয়ে বৈঠকের কথা ছিল। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত ছিল। গতকাল পুশব্যাক ১৪৪: কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও টেকনাফ থেকে নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন, গতকাল টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা ১৪৪ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করে। পরে সন্ধ্যায় তাদের পুশব্যাক করা হয়। রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে সহযোগিতা, কক্সবাজারে বসবাসকারী রাখাইনদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও প্রচারপত্র বিলির অভিযোগে পুলিশ গতকাল সকালে ইসলামী ঐক্যজোট ও নেজামী ইসলামী পার্টির সাত নেতাকে গ্রেপ্তার করেছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২ থেকে ১৫ জুন বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৭৬৯ নাগরিককে বিজিবির পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তার পর দেশে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও সহিংস পরিস্থিতির উন্নতি ঘটায় বর্তমানে বাংলাদেশ সীমান্তে তেমন অনুপ্রবেশের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেছেন, গত কয়েক দিনে যাদের পুশব্যাক করা হয়েছে তারা বাংলাদেশ সীমান্তের কোনো না কোনো পয়েন্ট দিয়ে ঢুকে পড়ছে। ইউএনএইচসিআরের প্রতিনিধির বৈঠক: দুই সহকর্মীকে নিয়ে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স কাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীমের সঙ্গে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে টেকনাফ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘ প্রতিনিধি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করতে ফের অনুরোধ জানান। জবাবে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, রোহিঙ্গাদের বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হচ্ছে। তবে জোর করে কাউকে ফেরত না পাঠানোর নীতিও বাংলাদেশ মেনে চলছে। ইউএনএইচসিআর প্রতিনিধিকে বলা হয়, রাখাইন রাজ্যে যে ধর্মীয় সংঘাত চলছে তা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। কাজেই তাদেরই বিষয়টির সুরাহা করা উচিত। তা ছাড়া বাংলাদেশ তিন দশক ধরেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। বাংলাদেশ মনে করে, পশ্চিমা দেশগুলোর বরং বিশেষ করে রাখাইন রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে আহ্বান জানানো উচিত। ক্রেইগের সীমান্তে চলাফেরায় বিধিনিষেধ: ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করে ১৫ ও ১৬ জুন রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশাপাশি সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় যান। এ কারণে বাংলাদেশ সরকার অসন্তুষ্ট হয়েছে। কাজেই ভবিষ্যতে সীমান্ত এলাকায় যাওয়ার আগে অনুমতি নিতে হবে বলে তাঁকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে লিখিতভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল এ প্রতিবেদককে জানিয়েছেন।