রোহিঙ্গাদের ব্যাপারে আগের অবস্থানেই বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে অবস্থান পাল্টাবে না বাংলাদেশ। তবে দেশটির আরাকান রাজ্যের ধর্মীয় সংঘাত থেকে পালিয়ে বাঁচা লোকজনের প্রতি বাংলাদেশ মানবিক আচরণ করবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার-সংলগ্ন সীমান্ত এলাকায় সতর্কাবস্থায় থাকবে। আজ সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) এক বৈঠকে সরকারের এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্সের ওই এলাকায় চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কারণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করেই তিনি সম্প্রতি টেকনাফ সীমান্ত এলাকা ঘুরে এসেছেন। এতে সরকার তাঁর ওপর অসন্তুষ্ট। এটি আজকের বৈঠকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউএনএইচসিআরের সহকারী কমিশনার (সুরক্ষা) এরিকা ফেলারের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরটি পিছিয়ে গেছে। কাল মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় সফরের সময় এরিকা ফেলারের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের বিষয়ে বৈঠকের কথা ছিল। এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা ছিল।ইউএনএইচসিআরের প্রতিনিধির বৈঠক: দুই সহকর্মীকে নিয়ে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনু বিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীমের সঙ্গে বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে টেকনাফ সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘ প্রতিনিধি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করতে আবার অনুরোধ জানানো হয়। জবাবে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, রোহিঙ্গাদের বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সর্তকাবস্থায় রাখা হচ্ছে। তবে জোর করে কাউকে ফেরত না পাঠানোর নীতিও বাংলাদেশ মেনে চলছে। বর্তমানে আরাকান রাজ্যে যে ধর্মীয় সংঘাত চলছে, সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, বাংলাদেশের নয়। কাজেই মিয়ানমারেরই বিষয়টি সুরাহা করা উচিত। তা ছাড়া বাংলাদেশ তিন দশক ধরেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। সম্পদের অপ্রতুলতা, জনসংখ্যার চাপসহ নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কোনো সুযোগ তো বাংলাদেশের নেই। বাংলাদেশ মনে করে, বিষয়টি সুরাহার জন্য বিশেষ করে আরাকান রাজ্যে আর্থসামাজিক পরিস্থিতি উন্নতি করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলো বরং মিয়ানমারকে আহ্বান জানানো উচিত।ক্রেইগের সীমান্তে চলাফেরায় বিধিনিষেধ: ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ক্রেইগ স্যান্ডার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করে ১৫ ও ১৬ জুন রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশাপাশি সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ জেটিঘাঁট এলাকায় যান। বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি শরণার্থী-সংশ্লিষ্ট নয়, জাতিগত সংঘাতের বিস্তার। এর পরও তিনি ওই এলাকা সফরে যাওয়ায় সরকারের অসন্তুষ্টি রয়েছে। কাজেই ভবিষ্যতে তাঁর সীমান্তবর্তী এলাকায় যাওয়ার আগে অনুমতি নিতে হবে। এটি তাঁকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁকে লিখিতভাবে জানানো হবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজ এ প্রতিবেদককে জানিয়েছেন।