রোহিঙ্গাদের মিয়ানমারে থাকার অধিকার রয়েছে
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থ রক্ষা করার জন্য সিদ্ধান্ত যত কঠিনই হোক, তা নিতে সরকার কখনো পিছপা হয়নি। কখনো পিছপা হবে না। আজ শনিবার বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায় নিয়ে আইন কমিশনের আয়োজিত এক সেমিনারে দীপু মনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। সেমিনারে রোহিঙ্গাদের প্রবেশের চেষ্টার ব্যাপারে বিদেশি সংস্থাগুলোর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক রহমান বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। তিনি বলেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা একটি সম্প্রদায় ঘটিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তাদের সেখানে থাকার অধিকার রয়েছে। তাই মানবতার দিকে লক্ষ রেখে রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজের দেশে ফিরে যেতে পারে, সে ব্যবস্থা করা উচিত। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, বর্তমানে অনেক রোহিঙ্গা দেশে বাস করছে। দেশে আরও রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি।