রোহিঙ্গাদের রক্ষা করতেই হবে
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করতে দেশটির সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল। চলমান রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধেরও আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে মুসলমানদের সরিয়ে দেওয়ার অজুহাত হিসেবে এই সংঘাতকে ব্যবহার না করতে হুঁশিয়ার করেছে। গতকাল বুধবার ওই তদন্ত দল এ আহ্বান জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে গত ১০ দিনের সাম্প্রদায়িক দাঙ্গায় এখন পর্যন্ত ৮৯ জন নিহত হয়েছে।সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে জাতিসংঘের মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত এবং সংখ্যালঘু ইস্যু ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত-বিষয়ক বিশেষজ্ঞ টমাস ওজেয়া কুইনটানা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একটি সম্প্রদায়কে চিরতরে নিশ্চিহ্ন করতে এ পরিস্থিতিকে কোনোভাবেই একটি সুযোগে পরিণত করা উচিত হবে না।’মিয়ানমার সরকার ও সংশ্লিষ্টরা রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী ও বহিরাগত হিসেবে অভিহিত করছে। কর্তৃপক্ষের এ ধরনের দাবির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক তদন্তকারী দল।এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ডস গত মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত উন্মুক্ত রাখার আবেদন জানিয়েছেন।একই সঙ্গে রোহিঙ্গাদের ভবিষ্যত্ প্রাণহানি ও বাস্তুচ্যুতি বন্ধে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। মিয়ানমারের পশ্চিম উপকূলে প্রায় ছয় হাজার রোহিঙ্গা এখন নৌকায় অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।