রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসন চাই, নয়তো আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং কক্সবাজারে অবৈধভাবে বসবাসকারী প্রায় চার লাখ রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের বাইরে স্থানীয় লোকজন এ কর্মসূচি পালন করে।পরে সংবাদ সম্মেলন করে তারা আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করে কক্সবাজার অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ‘রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটি’ নামের সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।স্থানীয় লোকজন জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শত-শত লোক কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাইরে (প্রধান সড়কে) মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় রোহিঙ্গা অনুপ্রবেশ বিরোধী স্লোগান সংবলিত নানা ফেস্টুন ব্যবহার করা হয়। এর আগে উখিয়া-টেকনাফ সড়কে রোহিঙ্গা অনুপ্রবেশ বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। দুপুর ১২টায় রোহিঙ্গা বাজারের ভেতরে একটি রেস্তোরাঁয় সাংবাদ সম্মেলন করে সংগঠনের আহ্বায়ক ও উখিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, টেকনাফ, উখিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বর্তমানে চার লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন। ১৯৮০ সাল থেকে এরা এখানে বসতি গড়েছেন। রোহিঙ্গারা শ্রমবাজার দখলের পাশাপাশি চুরি ডাকাতি, ছিনতাই, ইয়াবাসহ মাদকপাচার, অস্ত্র ব্যবসা ও জঙ্গি তত্পরতায় জড়িত। একারণে বাংলাদেশের জননিরাপত্তা এবং পর্যটন শহর কক্সবাজারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ২০০৯ সাল থেকে এই অবৈধ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবিতে আমরা নানাভাবে আন্দোলন করে আসছি। কিন্তু সফল হতে পারছি না। এখন নতুন করে আরও কয়েক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে নিয়ে আসার চক্রান্ত করছে দেশি-বিদেশি একটি চক্র। জীবন থাকতে আমরা তা সফল হবে দেব না।হামিদুল হক চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মিয়ানমারের রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশ অনুপ্রবেশ করে। এখনও তারা (বিএনপি) রোহিঙ্গা অনুপ্রবেশের দাবি জানাচ্ছেন। কারণ রোহিঙ্গাদের ভোটার করে তারা ক্ষমতায় যায়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কক্সবাজারের ভোটার তালিকা থেকে প্রায় এক লাখ রোহিঙ্গা ভোটার বাদ দেওয়া হয়। প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে তখন ওই সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি আরও বলেন, কতিপয় রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী মহল মানবতার দোহাই দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। আসলে তারা জাতির শত্রু। জেলার প্রায় ২৩ লাখ মানুষ আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেবে না। সংবাদ সম্মেলনে আট দফা দাবি ঘোষণা করা হয়। দাবি গুলো হলো—ছড়িয়ে ছিটিয়ে থাকা চার লাখ রোহিঙ্গাকে একজায়গায় জড়ো করে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মিয়ানমারে ফেরত পাঠানো, রোহিঙ্গাদের যত্রতত্রে চলাচল বন্ধ, আন্তজাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা বেগবান, মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে আন্তজাতিক চাপ প্রয়োগ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার, বাংলাদেশে কর্মরত ইউএনএইচসিআরের (জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা) স্বার্থবিরোধী কার্যকলাপ বন্ধ, সন্দেহভাজন মুসলিম এইড, এমএসএফ হল্যান্ড, এসিএফসহ ছয়টি এনজিওর কার্যক্রম বন্ধ প্রভৃতি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির সদস্যসচিব নুর মোহাম্মদ সিকদার, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. হোসেন খাঁন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল হক, ব্যবসায়ী বখতিয়ার আহমদ, মুজিবুল হক, মনজুর আলম প্রমুখ। নুর মোহাম্মদ সিকদার বলেন, কুতুপালং শিবির থেকে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা ক্যাডার জঙ্গি সংগঠন আরএসও (আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এবং আরিফ’র (আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট) সঙ্গে আঁঁতাত করে মিয়ানমারের ঢুকে সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিচ্ছে। এছাড়াও সেদেশের রোহিঙ্গাদের বাংলাদেশ অনুপ্রবেশে বাধ্য করছে। উদ্দেশ্য কক্সবাজারে ভূমি দখল করে ১০ লাখের বেশি রোহিঙ্গার সমাগম ঘটিয়ে কক্সবাজারকে রোহিঙ্গা রাজ্য প্রতিষ্ঠা করা। তাই আমাদের এই আন্দোলন। জানা গেছে, আজ বিশ্ব শরণার্থী দিবস হলেও কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া দুটি শরণার্থী শিবিরে দিবসটি পালিত হয়নি। এই দুটি শিবিরে ২৫ হাজার ৩২৫ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। গত সাত বছর ধরে স্বদেশে ফিরে যাওয়ার প্রত্যাবাসন কার্যক্রমও বন্ধ রয়েছে। কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ মো. জালাল উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।