রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোঁড়া
রোহিঙ্গা শরণার্থী প্রশ্নে সরকারের গৃহীত নীতি সঠিক ও যথার্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করে এরশাদ বলেন, ‘এ বিষয়ে আমি সরকারের পদক্ষেপ সর্বান্তঃকরণে সমর্থন করি।’এরশাদ বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা অনেক আগে থেকে আমাদের জন্য একটি বিষফোঁড়া হয়ে আছে। বছরের পর বছর ধরে আমাদের দেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী রয়েছে, তাদের ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। তিনি মিয়ানমারের রাখাইন প্রদেশে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে এনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুখে-শান্তিতে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।এরশাদ বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে নানা অপরাধে যুক্ত। গোপন পরিচয়ে এরা বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই কোনো অবস্থায় আর কোনো রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিতে পারি না।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। এ বিষয়ে তিনি জাতিসংঘের উদ্দেশে বলেন, কেন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চলছে, এর প্রতিকারের জন্য আপনারা মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করুন। আমাদের ১৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত ছোট দেশের ওপর বাড়তি চাপ প্রয়োগ করবেন না। আর যদি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতেই হয়, তাহলে মিয়ানমারের প্রতিবেশী আরও যেসব দেশ আছে, সেখানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন।’