রোহিঙ্গারের বিষয়ে মুখ খুললেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি আজ বুধবার বলেছেন, তাঁর দেশের সংখ্যালঘু মুসলিমদের সমস্যা ‘দেশটির জন্য দুঃখজনক’ এবং মুসলমানদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা জরুরি। রয়টার্স জানায়, গত মাসে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে জাতিগত সহিংসতার ঘটনায় ৪৩ জন মারা যান। এ ছাড়া ওই ঘটনায় কয়েক হাজার মুসলিম নিজেদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যান। বিষয়টি নিয়ে চুপ থাকায় মানবাধিকার বিষয়ে সু চির অবস্থান বিতর্কিত হয়ে পড়ে। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সু চি। জাপান সফররত সু চি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সম্প্রতি কয়েকজন মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁদের সবার জন্মই বার্মায় (মিয়ানমার)। তাঁরা নিজেরাও নিজেদের অন্য কোনো দেশের নাগরিক বলে মনে করেন না। তবে উদ্ভুত পরিস্থিতির কারণে এদেশটিকেও তাঁরা নিজেদের বলে মনে করতে পারছেন না।’ সু চি আরও বলেন, ‘বিষয়টি দেশের জন্য একটি দুঃখজনক ঘটনা। তাঁদের (সংখ্যালঘু মুসলিমদের) মতকে কীভাবে আমাদের ভিন্নমতের পাশাপাশি অবস্থান করতে দেওয়া যায়, তা আমাদের শিখতে হবে।’সু চি বলেন, মিয়ানমার সরকারকে নাগরিকত্ব আইনটি পর্যালোচনা করে দেখতে হবে। তবে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক মনে করেন কি-না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি।রয়টার্স আরও জানায়, মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রায় আট লাখ রোহিঙ্গা বাস করেন। তবে দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীরা রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার করে না।