রৌমারীতে ইউএনওসহ সাত কর্মকর্তার দপ্তরে সাংসদের তালা
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ বুধবার ক্ষমতাসীন দলের সাংসদ মো. জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সাত কর্মকর্তার দপ্তরে তালা লাগিয়ে দিয়েছেন। তাঁর ডাকা এক সভায় কর্মকর্তারা অনুপস্থিত থাকায় সাংসদ ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদ জাকির আজ বেলা সাড়ে তিনটার দিকে নিজে দাঁড়িয়ে থেকে লোকজন দিয়ে একে একে ইউএনও, মহিলাবিষয়ক কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, বন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে তালা লাগিয়ে দেন।এ ব্যাপারে সাংসদ জাকির সাংবাদিকদের বলেন, তিনি উত্তরাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির ১১তম ব্যাচের ৬৪ জন উপকারভোগীর তালিকা টাকা নিয়ে তৈরির অভিযোগ পান। বিষয়টি সমাধানের জন্য তিনি উপজেলা বিআরডিবির কর্মকর্তাকে আজ সকাল ১০টায় কমিটির সব সদস্যকে নিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ে সভা আহ্বানের অনুরোধ জানান। এ ছাড়া ইউএনওকে তাঁর অধীন সব কর্মকর্তাকে নিয়ে ওই সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেন। কিন্তু নির্ধারিত সময়ে সভাস্থলে গিয়ে কাউকে উপস্থিত পাননি। সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করার পরও তাঁরা সভায় আসেননি। এমনকি এসব সরকারি কর্মকর্তা তাঁদের নিজ নিজ দপ্তরে অনুপস্থিত ছিলেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে তালা লাগিয়েছেন।ইউএনও এ কে এম শওকত আলম মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, সভার বিষয়টি কেউ তাঁকে জানায়নি। এ কারণে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্রে পূর্বনির্ধারিত আলোচনাসভা এবং একই ইউনিয়নে একটি বেসরকারি সংস্থার মাটি কাটা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান। বিকেল চারটার দিকে দপ্তরে এসে তালা লাগানোর ঘটনা জানতে পারেন। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে পুলিশ সঙ্গে নিয়ে দপ্তরের তালা খুলতে গেলে সাংসদ জাকির হোসেন অসদাচরণ করেন। পরে বিকেল পাঁচটার দিকে সাংসদের নির্দেশে তালা খুলে দেওয়া হয়।এ ব্যাপারে বিআরডিবির কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের একজন কর্মচারী জানান, বিকেলে তালা খুলে দেওয়ার পর ইউএনওর কক্ষে উপস্থিত সবার উদ্দেশে জাকির হোসেন বলেন, ‘আমি সরকারদলীয় এমপি। আমার নির্দেশ মেনে চলতে হবে। আমার অবাধ্য হয়ে কেউ কাজ করলে তাঁকে চলে যেতে হবে।’এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তালা লাগানোর বিষয়টি সাংসদ ও ইউএনও উভয়েই তাঁকে জানিয়েছেন। তিনি সবাইকে শান্ত থেকে বিধি মোতাবেক কাজ করার অনুরোধ করেন। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।