র্যাঙ্কিংয়ে আইরিশ উত্থান
ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয়। ভারত-বাংলাদেশের বিপক্ষেও লড়াকু পারফরম্যান্স। বিশ্বকাপটা দারুণ যাচ্ছে আইরিশদের। নিজেদের দেশে আইরিশ খেলোয়াড়েরা এখন নায়ক। বিশ্বকাপে যে পারফরম্যান্স, নায়ক তাঁরা হতেই পারেন। শুধু তাই নয়, আইসিসির র্যাঙ্কিংয়েও এগিয়ে গেছেন তাঁরা। ওয়ানডেতে আয়ারল্যান্ডের অবস্থান এখন ১০-এ। তাদের কেবলই ওপরে বাংলাদেশ। আটে থেকে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে আবার নেমে গেছে ৯-এ, আর ওয়েস্ট ইন্ডিজ উঠে গেছে আটে।ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন কেভিন ও’ব্রায়েন। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করে ইংল্যান্ডকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন। ১২ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৪০ নম্বরে আছেন এই আইরিশ। বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জোনাথন ট্রটও। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ফিফটি করে আট ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। ধারাবাহিকতার পুরস্কারস্বরূপ ভারতের বিরাট কোহলি আছেন তিন নম্বরে। তাঁঁর সামনে এখন দুই দক্ষিণ আফ্রিকান—এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা।বাংলাদেশি ব্যাটসম্যানদের রানখরা তাঁদের র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে। এক ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ২১ নম্বরে। ২৪ থেকে একধাপ পিছিয়েছেন তামিম ইকবালও।ব্যাটসম্যানদের মতো এগিয়েছেন আইরিশ বোলাররাও। ভালো বোলিংয়ের পুরস্কার পেয়েছেন অভিজ্ঞ ট্রেন্ট জনস্টন। আট ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন এই মিডিয়াম পেসার।বোলিং র্যাঙ্কিংয়ে অবশ্য এখনো স্পিনারদেরই রাজত্ব। প্রথম ১০ বোলারের মধ্যে স্পিনারই আছেন পাঁচজন। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। দ্বিতীয় স্থানে আছেন মরনে মরকেল। তিন নম্বরে জিম্বাবুয়ের রেমন্ড প্রাইস। আর তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ান। বিশ্বকাপে রাজ্জাক-সাকিবদের ধারহীন বোলিংয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছেন সাকিব। এক ধাপ পিছিয়ে রাজ্জাক নেমেছেন ৯-এ।তবে অল-রাউন্ডারদের তালিকায় ঠিকই শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। আফ্রিদি-যুবরাজরা উইকেট নিচ্ছেন, রানও পাচ্ছেন। কিন্তু সাকিবের ধারেকাছে পৌঁছতে পারেননি কেউই। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট, আর ফিফটি করা যুবরাজের অবস্থান ছয় নম্বরে। বিশ্বকাপে ১৪ উইকেট (নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত) নেওয়ার পরও আফ্রিদি আছেন তিন নম্বরে। তাঁর রেটিং ৩৭৫, সাকিবের ৪১৩। ৪০৫ রেটিং নিয়ে সাকিবের কাছাকাছি আছেন কেবল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ওয়েবসাইট।