র্যাফেল ড্র আর ভ্যারাইটি শোর কাছে মার খেলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যবসা একেবারেই জমেনি। মেলায় আইসা ধরা খাইছি। যে মেলায় জুয়া, র্যাফেল ড্র, যাত্রা আর ভ্যারাইটি শোর আয়োজন করা হয়, সে মেলায় পাবলিকের টাকা সেই দিকেই চইল্লা যায়। ব্যবসায়ীগো চাইয়া চাইয়া দেখা ছাড়া করার কিছু থাকে না।’ হতাশার সুরে এসব কথা বললেন ফরিদপুর জসীম পল্লিমেলায় ঢাকার চকবাজার থেকে আসা খেলনা বিক্রেতা নূর ইসলাম।‘এইচ এল ফ্যাশন’ প্রতিষ্ঠানের পোশাক বিক্রেতা মো. লিটন বলেন, ‘তিনজনে মিলে স্টল দেখতে হয়। থাকা-খাওয়া দিয়ে দিনে খরচ হয় এক হাজার টাকা। অথচ দুই হাজার টাকাও বিক্রি হয় না। জসীম মেলায় এবারই প্রথম এসেছি। প্রশংসা শুনে এসেছিলাম, আর আসব না।’যশোরের নওয়াপাড়া থেকে কাঠের দ্রব্যসামগ্রী নিয়ে আসা মো. আক্কাস আলী বলেন, ‘গত বছরের চেয়ে এবার বিক্রি চার ভাগের এক ভাগ।’ ফুচকা বিক্রেতা মো. আমীন বলেন, ‘মেলায় লোক নেই, বিক্রি কম। যেকোনো মেলার প্রধান আকর্ষণ সার্কাস। সার্কাস নেই বলে বিক্রিও নেই।’ প্রসাধনী বিক্রেতা মো. সেলিম বলেন, ‘তিন শ টাকাও বিক্রি হয়নি। খাব, না ব্যবসা করব!’২১ জানুয়ারি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জসীম উদ্যানে গিয়ে জসীম পল্লিমেলার এই চিত্র পাওয়া যায়। ৮ জানুয়ারি মেলা শুরু হয়ে শেষ হয়েছে ২৫ জানুয়ারি। মেলায় ১৩৮টি স্টল বসেছে। কিন্তু বিকিকিনি নেই। ভিড় লেগে ছিল আঁখি র্যাফেল ড্র, ভ্যারাইটি শো, পুতুলনাচ আর দুটি চরকিজাতীয় জুয়ার বোর্ডে। মেলার আয়োজক জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন অধিক লাভের আশায় এবারই প্রথম ভ্যারাইটি শো ও র্যাফেল ড্র—এ দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছে। তবে এ নিয়ে তাদের বিড়ম্বনাও কম হয়নি। আঁখি র্যাফেল ড্র কর্তৃপক্ষ পাঁচ লাখ ৭০ হাজার টাকা দিয়ে স্টল নেয়। ২৪ জানুয়ারি পর্যন্ত তারা আয়োজকদের মাত্র দুই লাখ টাকা দেয়। এ জন্য জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন ওই দিন রাত নয়টায় মেলায় গিয়ে র্যাফেল ড্রর ৪৫টি পুরস্কারের মধ্য থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে আসেন। এ ছাড়া নির্ধারিত সময়ে (রাত ১০টা) র্যাফেল ড্র না হওয়ায় কয়েক হাজার টিকিট ক্রেতা র্যাফেল ড্রর মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ২০ জানুয়ারি রাতে অশ্লীল নাচ পরিবেশনের অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার ‘বিচিত্রানুষ্ঠান ও ভ্যারাইটি শো’র নামে চলে আসা প্রদর্শনী বন্ধ করে দেন। এ প্রসঙ্গে ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান বলেন, ‘মেলাকে কেন্দ্র করে প্রচলিত গ্রাম-বাংলার আমেজ ছিল না। সেখানে জুয়া এবং অশ্লীলতার মহোত্সব চলেছে। মানুষ জুয়া খেলতে এসে টাকা নষ্ট করেছে। রুচিহীন কাজ হয়েছে। আমাদের ইতিহাস-ঐতিহ্যকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। কমিটির কিছু রাজনৈতিক নেতা গরিব মানুষের টাকাগুলো হাতিয়ে নিয়েছে।’জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ বলেন, ‘ভ্যারাইটি শো নিয়ে সবাই আপত্তি জানিয়েছে। পরে অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা মার খায়, এ জাতীয় কোনো আয়োজন করা ঠিক হয়নি। আগামীতে আরও সতর্ক হতে হবে।’ফরিদপুরের শিশুসংগঠক সিরাজুল আজম বলেন, ‘মেলায় কোনো লোকজ উপাদান ছিল না। প্রতিদিনই লোকজবিষয়ক সেমিনার, আলোচনা হওয়া উচিত ছিল। জুয়া-অশ্লীল নাচ যেভাবে হয়েছে, তাতে আগামীতে আমি মেলায় যাব না। অন্য কাউকে যেতেও বারণ করব।’মেলার আয়োজক জসীম ফাউন্ডেশনের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মেলায় আমরা জুয়া, র্যাফেল ড্র, ভ্যারাইটি শো দিতে চাইনি। কিন্তু এ আয়োজনের সঙ্গে রাজনৈতিক লোকজন সংশ্লিষ্ট থাকায়, আমরা তা ঠেকাতে পারিনি। তবে আগামীতে এসব বিষয়ে আমরা সতর্ক থাকব।’