র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আগামী ছয় মাসের মধ্যে সরকার যদি র্যাবের জবাবদিহি নিশ্চিত ও সংস্কার করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দাতা দেশগুলোর অবিলম্বে এই সংস্থাটির জন্য প্রতিশ্রুত সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মনে করছে সংগঠনটি। ক্রসফায়ার: বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দ্বারা নিরন্তর মানবাধিকার লঙ্ঘন শীর্ষক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ উক্ত সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে র্যাবকে ‘খুনে বাহিনী’ বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন ও সুপারিশের ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, ‘প্রতিবেদনটি পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখানে সার্বিকভাবে মানবাধিকারের বিষয়গুলো না এনে কেবল র্যাবকে টার্গেট (নিশানা) করা হয়েছে। বিশেষ উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছে।’র্যাবের দ্বারা নির্যাতিত, ঘটনার সাক্ষী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইন প্রয়োগকারী কর্মকর্তা, আইনজীবী ও বিচারকদের ৮০টি সাক্ষাৎকারের ভিত্তিতে হিউম্যান রাইটস ওয়াচ ৫৩ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘একটা খুনে বাহিনী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সরকার তাদের থামাতে কোনো চেষ্টা করছে বলে মনে হচ্ছে না। অথচ বর্তমান সরকার র্যাবের হত্যামূলক আচরণ বন্ধ করার জন্য দুই বছর সময় পেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’ ব্র্যাড অ্যাডামস বলেন, ‘অপরাধ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিত একটি বিশেষ আইন প্রয়োগকারী বাহিনীর বদলে র্যাব একটি প্রাণঘাতী ও আইন লঙ্ঘনকারী বাহিনী হয়ে উঠছে। এখন প্রশ্ন আসছে, এই বাহিনীকে মোকাবিলা করার কোনো অভিপ্রায় সরকারের আছে কি না?’ র্যাব ভেঙে দেওয়ার দাবি কেন তোলা হচ্ছে, জানতে চাইলে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী প্রথম আলোকে বলেন, ‘র্যাব যা করছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। এভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন চলতে পারে না। এ কারণেই আমরা বলেছি, র্যাবের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আগামী ছয় মাসের মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আন্তর্জাতিক যেসব সাহায্য-সহযোগিতা র্যাব পাচ্ছে, তা বন্ধ করে দেওয়া উচিত।’ ক্রসফায়ার বন্ধের জন্য কী করা যেতে পারে জানতে চাইলে মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘আমরা চাই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক। এ জন্য দরকার রাজনৈতিক প্রতিশ্রুতি। সরকার যদি র্যাবের কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দেয়, আর কোনো ক্রসফায়ার নয়; যদি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার হয়, র্যাবের অধীনে নির্যাতনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হয়, তাহলেই এটা বন্ধ করা সম্ভব।’ আড়াই বছরে ২০০ হত্যা: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও অন্য নিপীড়নমূলক ঘটনাগুলোর সমাপ্তি ঘটানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২০০ লোক র্যাবের বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়, র্যাবের দ্বারা সুদূরপ্রসারী মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সাত বছরে তাদের হাতে সাত শতাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। গুম করাও হচ্ছে: প্রতিবেদনে বলা হয়, র্যাব সম্প্রতি বলপূর্বক মানুষকে অপহরণ বা গুম করে দেওয়ার কাজ শুরু করেছে, যা আরও উদ্বেগজনক। বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলো বলছে, র্যাব মানুষকে হত্যা করার মতো গুম করার ঘটনাও অস্বীকার করছে। র্যাবের পক্ষে সরকার: আওয়ামী লীগ নির্বাচনের আগে বিচারবহির্ভূত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা তা থেকে সরে এসেছে। এমনকি সরকারের অনেক মন্ত্রী র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দিচ্ছেন। ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের ঘটনার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সরকারের আরও অনেকেই র্যাবের পক্ষে কথা বলছেন। অর্থাৎ এর আগের সরকার যেভাবে র্যাবকে দায়মুক্তি দিয়ে এসেছিল, এই সরকারও তা-ই করছে। অভিযুক্ত কারও বিচার হয়নি: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা এবং অপরাধীদের সাজা দেওয়ার ব্যাপারে সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ক্রসফায়ারের ঘটনায় হত্যা বা অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের জন্য আজ পর্যন্ত র্যাবের কোনো কর্মকর্তা বা সদস্যকে সাজা দেওয়া হয়নি। এই বাহিনী অধিকাংশ হত্যার সপক্ষে যুক্তি দেওয়ার জন্য ক্রসফায়ার শব্দটি ব্যবহার করছে। গৎবাঁধা গল্প: যেকোনো ঘটনার পর সংবাদমাধ্যমে গৎবাঁধা বিবৃতি দেয় র্যাব। এতে বলা হয়, অপরাধীরা বা তাদের সহযোগীরা র্যাবের ওপর গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ক্রসফায়ারে ওই ব্যক্তিরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে হিউম্যান রাইটস ওয়াচ ও বাংলাদেশি মানবাধিকার সংগঠনগুলোর তদন্তে দেখা গেছে, র্যাবের হেফাজতে থাকাকালীন অনেক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। মৃত ব্যক্তিদের শরীরে এমন অনেক চিহ্ন পাওয়া যায়, যা তাদের ওপর নির্যাতন চালানোর সাক্ষ্য দেয়। র্যাবের হেফাজতে বন্দী থাকার পর বেঁচে যাওয়া অনেক মানুষ অভিযোগ করেছেন, তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। ছয় মাস সময়: প্রতিবেদনে বলা হয়, আগামী ছয় মাসের মধ্যে র্যাবের মানবাধিকার রেকর্ডের উল্লেখযোগ্য উন্নতি না ঘটলে এবং লঙ্ঘনকারীদের বিচার না হলে বাংলাদেশ সরকারের উচিত এই বাহিনী ভেঙে দেওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ দাতা দেশগুলোর উচিত হবে ছয় মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে র্যাবের জন্য প্রতিশ্রুত সহযোগিতা বন্ধ করে দেওয়া। নতুন বাহিনী গঠনের সুপারিশ: হিউম্যান রাইটস ওয়াচ তাদের ছয় দফা সুপারিশে বলেছে, সরকারের উচিত হবে র্যাবের পরিবর্তে পুলিশের ভেতরে একটি নতুন বাহিনী গঠন করা অথবা একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা, যা গুরুতর ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। তারা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। নবগঠিত এই বাহিনীতে সশস্ত্র বাহিনী থেকে কোনো সদস্য নেওয়া উচিত হবে না। কারণ সশস্ত্র বাহিনীর কাজের ধরন পুলিশের কাজ থেকে আলাদা। নতুন বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নেওয়া যেতে পারে। বিশেষ এই প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা দেওয়া যেতে পারে। স্বাধীন বেসামরিক কর্তৃপক্ষ গঠন: সংগঠনটি বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা বন্ধ করার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। এতে বলা হয়, র্যাব বা এমন কোনো নতুন বাহিনীকে পুরোপুরি বেসামরিক প্রতিষ্ঠান হতে হবে। একটি স্বাধীন বেসামরিক কর্তৃপক্ষ গঠন করে ইতিমধ্যে র্যাবের কাজ মূল্যায়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তিদের র্যাব থেকে সরাতে হবে। সরকারকে নিশ্চিত করতে হবে যেন র্যাব বা পুলিশের হাতে আটক যেকোনো ব্যক্তি দ্রুত তাঁর আইনজীবী, চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন। ছয় মাসের মধ্যে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন না হলে র্যাবকে ভেঙে দিতে হবে। র্যাবের প্রতিক্রিয়া: হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন ও সুপারিশের ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা প্রতিবেদনটি এখনো পাইনি। এমনকি প্রতিবেদন প্রকাশের সময় আমাদের কাউকে আমন্ত্রণও জানানো হয়নি। তবে আমরা প্রতিবেদনের বিষয়টি সম্পর্কে জেনেছি।’এম সোহায়েল বলেন, ‘প্রতিবেদনটি পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখানে সার্বিকভাবে মানবাধিকারের বিষয়গুলো না এনে কেবল র্যাবকে টার্গেট করা হয়েছে। বিশেষ উদ্দেশ্য থেকেই এটা করা হয়েছে।’ কী উদ্দেশ্য থেকে করা হতে পারে বলে মনে করছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গত সাত বছরে র্যাবের যে সফলতা, তাকে ম্লান করে র্যাবের ভাবমূর্তি নষ্ট করতেই এই প্রতিবেদন। এটি দুঃখজনক ও অনভিপ্রেত।’