রয়েছে মতপার্থক্য
অতিরিক্ত জেলা ও দায়রা জজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করাতে বিচারিক এখতিয়ারে বৈষম্য হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এবং যুগ্ম জেলা জজদের মধ্যেই রয়েছে মতপার্থক্য। একাধিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বিচারক এর পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত জেলা জজকে পদায়ন করার ফলে তাঁর বিচারিক রায়ের বিরুদ্ধে আপিল কিংবা রিভিশন এখতিয়ারের বিষয়টিকে কেউ স্বাভাবিক পদ্ধতি বলছেন, কেউ মত দিয়েছেন এর উল্টো। যাঁরা স্বাভাবিক বলছেন তাঁদের যুক্তি হচ্ছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন ফৌজদারি আদালতের গুরুত্বপূর্ণ পদ। তাঁকে তাঁর পদমর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। অতিরিক্ত জেলা জজ হলেও তাঁর বিচারিক এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন সৃষ্টি করা অবান্তর। কারণ এটি একটি পদ্ধতি। প্রশাসনিক দিক থেকে অতিরিক্ত জেলা জজ একজন জেলা জজের নিচে। তাই তাঁকে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করা হচ্ছে, তখন কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে না। তিনি বিচারিক ফৌজদারি আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট হিসেবে রায় দিচ্ছেন, অতিরিক্ত জেলা জজ হিসেবে নয়। তাই তাঁর রায়ের আপিল জেলা জজ যদি অতিরিক্ত জেলা জজের কাছে প্রেরণ করেন তাতে অসুবিধা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাঁদের আরও মত হচ্ছে, যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপিলের এখতিয়ার সরাসরি হাইকোর্ট বিভাগকে দেওয়া হয়, এতে সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি আরও বাড়বে। কারণ, তখন সামান্য শাস্তি বা জরিমানার বিরুদ্ধে আপিলের জন্য হাইকোর্টে যেতে হবে। উচ্চ আদালতের মামলার সংখ্যা বেড়ে যাবে। যে বিচারকেরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রায়ের আপিল এখতিয়ায় বিষয়ে দ্বিমত করেছেন তাঁদের যুক্তি হচ্ছে, এ পদটিতে পদায়ন করা উচিত যুগ্ম জেলা জজদের। তাহলে কোনো অতিরিক্ত জজের রায়ের বিরুদ্ধে আরেকজন সমান এখতিয়ারসম্পন্ন জজের কাছে যেতে হবে না। তাতে বিচারিক এখতিয়ারের সামঞ্জস্য তৈরি হবে। এ বিতর্ক বিষয়ে সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের ফৌজদারি কার্যবিধিতে এ ধরনের অনেক অসামঞ্জস্য রয়ে গেছে। এগুলো দূর করতে হবে। তবে বিচারিক এখতিয়ারের কোনো বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।’ফৌজদারি আইন বিশেষজ্ঞ আইনজীবী আনিসুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখানে কোনো বৈষম্য করা হচ্ছে না। একজন অতিরিক্ত জেলা জজ তাঁর পদমর্যাদা অনুযায়ী বিচারিক এখতিয়ার কার্যকর করছেন আর একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর এখতিয়ার অনুযায়ী বিচার করছেন। এখানে ক্ষেত্রটি পৃথক হিসেবে বিবেচনা করতে হবে।’