রয়েল বেঙ্গল শাবক পাচার চক্রের প্রধান গ্রেপ্তার
সাতক্ষীরায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পশ্চিম সুন্দরবন এলাকা থেকে তিনটি রয়েল বেঙ্গল শাবক পাচার চক্রের প্রধান হিসেবে পরিচিত আবু ইছাকে (৩২) গ্রেপ্তার করেছে।গতকাল বুধবার রাত আটটার দিকে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খাল পারে একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আলোড়ন তোলা তিনটি বাঘ শাবক পাচারের ঘটনার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর জানান, আবু ইছা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার, পাচার, জলদস্যু লালন, বনদস্যুদের টাকা লেনদেন, সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে মাদকদ্রব্য পাচারসহ অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, গত ১৪ মে সুন্দরবনের হলদেবুনিয়া এলাকা থেকে তিনটি বাঘের শাবক ধরে নিয়ে আসেন শ্যামনগরের সোরা গ্রামের এলাকার আইয়ুব আলী, রইস উদ্দীন, মনিরুল ইসলাম, রুহুল আমিন, জহুর আলী তারানীপুর গ্রামের সামছুর রহমান, কৈখালী গ্রামের খোকন মোড়ল। পরে কৈখালী গ্রামের আবু ইছা ও তাঁর ভগ্নিপতি সোরা গ্রামের নুরুজ্জামান গাজী বাঘ শাবকগুলো বাইরের পাচার চক্রের কাছে ছয় লাখ টাকায় বিক্রি করে। ১১ জুন রাজধানীর শ্যামলীর আবদুল কাদেরের বাসা থেকে র্যাব সদস্যরা রয়েল বেঙ্গল শাবক তিনটি উদ্ধার করে। সাতক্ষীরা ডিবির উপপরিদর্শক শহীদুল ইসলামের ভাষ্যমতে, সুন্দরবনে বহু অপকর্মের সঙ্গে আবু ইছা জড়িত। গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, সাতক্ষীরার শহরের প্রাণ সায়ের খালের পাশে একটি রেস্তোরাঁর পাশে অবস্থান করছেন তিনি। তাঁরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু ইছা বাঘ শাবক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।আবু ইছা জানান, বাঘ শাবকগুলো কেনেন ঢাকার মাসুদ নামের এক ব্যক্তি। তাঁর নামে দুটি মামলা রয়েছে স্বীকার করে বলেন, মামলা দুটি স্থানীয় বিরোধের কারণে হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, সুন্দরবন এলাকায় বসবাস করতে হলে বনদস্যুদের সঙ্গে সমঝোতা করে ছাড়া চলা কঠিন হয়ে পড়ে।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আমানুল্লাহ জানান, আবু ইছাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার বাঘ শাবক পাচারসহ তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ ছাড়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।