মোগল খাবারের জন্ম সম্রাট আকবরের রসুইঘরে। তাঁর শাহি পাকশালায় নানা দেশের নানা জাতের বাবুর্চি ছিল। পরে মোগল শাসনকেন্দ্র ও সেনাছাউনিতে এসব মুখরোচক খাবার স্থান পায়। এভাবে মোগল শাসকদের সঙ্গে ঢাকায় আসা বাবুর্চিদের হাত ধরেই নগরে প্রচলিত হয়েছে নানা রকম মোগলাই খাবার। যুগে যুগে বাবুর্চিদের হাতে পরিবর্তন-পরিবর্ধনের মাধ্যমে মোগলাই খাবার ঢাকার খাবারে পরিণত হয়েছে, যাকে সুধীজনেরা ‘ঢাকাই খাবার’ বলতেই ভালোবাসেন। ঢাকাই খাবারে আসল মোগলাইয়ের স্বাদ যাঁরা চান, তাঁদের অনেকেই ছুটে যান লালবাগের ৪৪ হরনাথ ঘোষ রোডের রয়েল রেস্তোরাঁয়।মোগল শাসকদেরই তৈরি লালবাগ কেল্লার কাছে রয়েল রেস্তোরাঁর অবস্থান। এখানে ঢাকার আদি মানে মোগল রেসিপি ধরে খাবার তৈরি হচ্ছে কীভাবে, তা জানতে হলে এক দশক পেছনে ফিরে তাকাতে হবে। তখন এ রেস্তোরাঁটি গড়ে ওঠে। লালবাগের বাসিন্দা রিয়াদ বাবু ভোজনবিলাসী মানুষ। খেতে ভালোবাসেন, মানুষকে খাওয়াতেও ভালোবাসেন। ঢাকার খাবার নিয়ে তিনি একটি রেস্তোরাঁ প্রতিষ্ঠায় হাত দেন। ঢাকাই খাবার তৈরিতে দক্ষ চান মিয়া বাবুর্চিকে নিয়োগ দেন রিয়াদ বাবু। এই বাবুর্চি বংশপরম্পরায় আছেন এ পেশায়। তাই খাবার তৈরিতে বহন করছেন মোগল আমলের ঐতিহ্য। এসব ঘটনা জানান রয়েল রেস্তোরাঁর ব্যবস্থাপক আবদুল মালেক। তাঁর সঙ্গে কথা হয় রেস্তোরাঁটির দোতলায়, যেখানে অভিজাত খদ্দেররা দুপুরের খাবার খাচ্ছিলেন। রয়েলের নিচতলায় ভিড় করে নিয়মিত খদ্দেররা।দুপুরে রয়েলে ফরমায়েশ দিলে মেলে গরুর কালিয়া ও সাদা পোলাও। এ জন্য খরচ করতে হয় ৭০ থেকে ৮০ টাকা। তবে কালিয়া-পোলাও খেতে হলে একটু আগেভাগেই আসা ভালো। কেননা কেবল জনাবিশেকের জন্য প্রস্তুত করা হয় এই পদ। আসতে দেরি হলেও অসুবিধা নেই, তখন মোরগ পোলাও কিংবা খাসির বিরিয়ানির স্বাদ নিতে পারবেন ভোজনবিলাসীরা। মোরগ পোলাওয়ের জন্য গুনতে হয় ৭৫ টাকা আর খাসির বিরিয়ানি ৭০ টাকা। ভোজনরসিক মাত্রই জানেন যে পোলাও মাংসের সঙ্গে একটু বোরহানি হলে এক্কেবারে সোনায় সোহাগা। সে ব্যবস্থাও আছে রয়েলে। প্রতি লিটার বোরহানির দাম রাখা হয় ১০০ টাকা। ফিরনি খেয়ে খাবারের পাট চুকানোর সুযোগ আছে এখানে। মাটির ছোট্ট পাত্রে থাকে ফিরনি। এক পাত্রের দাম ২৫ টাকা। দুপুুুরে যাঁরা ভাত-মাছ খেতে চান, তাঁদের রয়েলে না আসাই ভালো, কেননা এখানে মাছের কোনো পদ থাকে না। তবে ভর্তা-ভাত যাঁদের পছন্দ, তাঁরা আসতে পারেন, ছয়-সাত রকমের ভর্তা থাকে রয়েলের দুপুরের খাবারের তালিকায়। তখন আবার গরুর মাংসের কালো ভুনাও থাকে। বিকেল-সন্ধ্যায় দুপুরের পদের মধ্যে শুধু মোরগ পোলাও, খাসির বিরিয়ানি মিলতে পারে। তখন অর্ধেক মুরগির চিকেন টিকা মেলে ১২০ টাকায়, গরুর মাংসের শিক কাবাব (হাফ) ৬০ টাকায়। এ ছাড়া সান্ধ্য পর্বে পাওয়া যায় মোগলাই পরোটা, কাশ্মীরি রুটি। এ দুই পদের প্রতি পিসের দাম ৩০ টাকা। অন্যান্য রেস্তোরাঁর মোগলাই পরোটা একটু গাঢ় লালচে দেখায়, অথচ রয়েলের মোগলাইয়ের রংটা একটু ধবধবে। এ প্রসঙ্গে আবদুল মালেক বলেন, ‘একেবারে অরিজিনাল কিমা দিয়ে মোগলাই পরোটা তৈরি হয়। আর প্রতিটি পরোটা ভাজার সময় নতুন তেল ঢালা হয়। একবার অনেক তেল ঢেলে বারবার ভাজাপোড়া করলে পরোটা লাল হয়ে যায়।’রয়েল রেস্তোরাঁয় ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও শরবতের সন্ধানও মেলে। এর মধ্যে বোরহানি ও ফিরনির কথা আগেই বলা হয়েছে। এ ছাড়া আছে ফালুদা, লাবাং ও পেস্তাবাদামের শরবত। এক হাফ ফালুদার দাম ৪০ টাকা, এক লিটার লাবাং ১২০ টাকা, আর প্রতি লিটার পেস্তাবাদামের শরবত ১৬০ টাকা। পানীয়ের পদ আধা লিটারও কেনা যায়। সুগন্ধ ছড়ানো পেস্তা বাদামের শরবত ঢাকায় বিরল। এই শরবতই রেস্তোরাঁটির মূল আকর্ষণ। এর স্বাদ নিতেই অনেকে রয়েলে আসেন বলে জানান রয়েল রেস্তোরাঁয় ব্যবস্থাপক আবদুল মালেক। তিনি জানান, ঢাকার সুধী সমাজের অনেকেরই পদচারণ আছে এখানে। বড় বড় প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও যায় রয়েলের খাবার। অনেকে গুলশান, ধানমন্ডিতে রয়েলের শাখা করার কথা বলে। তবে আদি বৈশিষ্ট্য ধরে রাখতে আর কোথাও যাচ্ছে না রয়েল।