র্যাংকস টেলের সুইচ রুম বন্ধ করে দিয়েছে বিটিআরসি
অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত অভিযোগে বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকস টেলের সুইচরুম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শুক্রবার মুঠোফোনে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।জিয়া আহমেদ জানান, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নভো টাওয়ারে র্যাংকস টেলের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে রেডিও ট্রান্সমিশন ইকুইপমেন্ট। পরে সকাল সাড়ে নয়টা নাগাদ প্রতিষ্ঠানের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়।গত বৃহস্পতিবার রাত আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত টানা ১২ ঘণ্টা র্যাবের সহযোগিতায় এ অভিযান চালিয়েছে বিটিআরসি। জানা গেছে, জব্দকৃত কল রেকর্ডের মাধ্যমে অবৈধ ভিওআইপির সঙ্গে র্যাংকসটেলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এক-একটি সংযোগের বিপরীতে প্রায় ১৬ হাজার মিনিট করে কথা বলার প্রমাণ পাওয়া গেছে।র্যাংকস টেলের প্রধান কারিগরি কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) আবুল কালাম শামসুদ্দীন এ তথ্যের সত্যতা স্বীকার করেন, তবে র্যাংকস টেলের সুইচরুমে কোনো ধরনের ভিওআইপি-সংশ্লিষ্ট সরঞ্জাম ছিল না বলে তিনি দাবি করেন।উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনকে তত্কালীন বিটিআরসি অবৈধ ভিওআইপির অভিযোগে লাইসেন্স বাতিলের নোটিশ দিলেও গ্রাহকদের কথা চিন্তা করে সুইচরুম বন্ধ করা হয়নি।সুইচরুম বন্ধ ও তিনটি প্রতিষ্ঠানের গ্রাহকের ভোগান্তি সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান আন্তরিক দুঃখ প্রকাশ করেন। কিন্তু কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, সে প্রসঙ্গে তিনি কিছুই বলেননি।