র্যাংকসটেল ও ঢাকা ফোনের কার্যক্রম আবারও বন্ধ
খোলার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেল লিমিটেড ও ঢাকা ফোনের কার্যক্রম। গতকাল বুধবার বিকেলে এ দুটি প্রতিষ্ঠানের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। শর্ত অনুযায়ী, সঠিক গ্রাহক তথ্য ও ই-ওয়ান সংযোগ তথ্য না দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ ব্যবস্থা নিয়েছে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বিকেলে প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ‘সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে’ ধরনের আশ্বাসের ভিত্তিতে বন্ধ সুইচরুমগুলো গত মঙ্গলবার বিকেলে আবার চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এর প্রায় ২৪ ঘণ্টা পরও প্রাথমিক চাহিদামতো গ্রাহক তথ্য ও করপোরেট গ্রাহকদের কাছে দেওয়া ই-ওয়ান সংযোগ তথ্য কমিশনে জমা না দেওয়ায় বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটির সুইচরুম আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভিওআইপির অবৈধ ব্যবহারবিরোধী অভিযানে ১৫ মার্চ বনানীতে ঢাকা ফোন ও ১৯ মার্চ তেজগাঁও শিল্প এলাকায় র্যাংকসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা ফোনের চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার এবং র্যাংকসটেলের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে গ্রাহক দুর্ভোগের কথা বিবেচনা করে বিটিআরসি প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর গ্রাহক ভোগান্তির জন্য বিটিআরসির চেয়ারম্যান আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে ওই প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের এ ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। গ্রাহকেরা সরকারের সঙ্গে থাকলে অবশ্যই তাঁদের সুস্থ ও অবৈধ ভিওআইপিমুক্ত নেটওয়ার্ক দেওয়া সম্ভব হবে।ভিওআইপির অবৈধ ব্যবহারের অভিযোগে এ নিয়ে মোট পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের সুইচরুম বন্ধ করল বিটিআরসি। অন্য তিন প্রতিষ্ঠান হলো ওয়ার্ল্ডটেল, পিপলসটেল ও ন্যাশনাল ফোন। ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ২১ মার্চ পিপলসটেল এবং ২৩ মার্চ ন্যাশনাল ফোনের সুইচরুম বন্ধ করা হয়।