র‌্যাংকসটেল বন্ধ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিফোন কোম্পানি র‌্যাংকসটেলের সুইচ রুম সাময়িক বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন করা কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও টেলিযোগাযোগ সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে।আজ রোববার দুপুরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। র‌্যাংকসটেলের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন।রিট আবেদনকারীর পক্ষে রফিক-উল হক ও আনিসুল হক মামলাটি পরিচালনা করেন।আনিসুল হক প্রথম আলোকে বলেন, আদালত সাত দিনের জন্য রুল জারি করেছেন। আইনে সংযোগ বিচ্ছিন্ন ও সুইচ রুম বন্ধ করার আগে নোটিশ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম অনুসরণ না করেই ১৯ মার্চ প্রতিষ্ঠানটির সুইচ রুম সাময়িক বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করেই এ রিটটি দায়ের করা হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের অন্যতম বেসরকারি পিএসটিএন অপারেটর র‌্যাংকসটেলের তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি। এ সময় র‌্যাংকসটেলের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপির কার্যক্রম চালানোর প্রমাণ পায় তারা। পরে র‌্যাংকসটেলের প্রধান সুইচরুম সিল করে দেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয় র‌্যাংকসটেলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও কাস্টমার কেয়ার) করিম ইকবাল ভূঁইয়া এবং উপব্যবস্থাপক (কারিগরি) মমিনুর রহমান চৌধুরী মোমিনকে।অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরের দিন শনিবার ওই তিনজন এবং র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বাংলাদেশ টেলিকম আইন ২০০১-এর ৩৫(২), ৫৫ এবং ৭৪ ধারা অনুযায়ী বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন র‌্যাংগস গ্রুপের পরিচালক জাকিয়া রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী, সোহানা চৌধুরী, এ. মামুনউল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফউদ্দিন, ফজলে সেলিম, এ কে এম শামসুদ্দিন।প্রসঙ্গত, র‌্যাংকসটেল র‌্যাংগস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এই ল্যান্ডফোন সেবাদানকারী প্রতিষ্ঠানটিকে অবৈধ ভিওআইপির অভিযোগে জরিমানা করা হয়েছিল।