অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেলের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটির সুইচরুম। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নভো টাওয়ারে র্যাংকসটেলের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ভিওআইপি-সরঞ্জাম আটক করা হয়েছে। জব্দ করা হয় রেডিও ট্রান্সমিশন ইকুইপমেন্ট। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত টানা ১২ ঘণ্টা র্যাবের সহযোগিতায় এ অভিযান চালিয়েছে বিটিআরসি। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছে র্যাংকসটেলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও কাস্টমার কেয়ার) করিম ইকবাল ভূঁইয়া এবং উপব্যবস্থাপক (কারিগরি) মমিনুর রহমান চৌধুরীকে। গতকাল বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে জানান, অভিযান শেষে সকাল সাড়ে নয়টার দিকে প্রতিষ্ঠানটির সুইচরুম বন্ধ করে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও অবৈধ ভিওআইপির অভিযোগে র্যাংকসটেলকে জরিমানা করা হয়েছিল। সূত্র জানায়, জব্দকৃত কল রেকর্ডের মাধ্যমে অবৈধ ভিওআইপির সঙ্গে র্যাংকসটেলের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বিটিআরসি। একেকটি সংযোগের বিপরীতে প্রায় ১৬ হাজার মিনিট করে কথা বলা হয়েছে। ১৪ মার্চ র্যাংকসটেলের কল ছিল ১৮ লাখ ৫৩ হাজার ৪০৫ মিনিট। কিন্তু ১৫ মার্চ অবৈধ ভিওআইপির অভিযোগে ঢাকা ফোনে অভিযানের পর কল হঠাৎ করেই কমে নামে ছয় লাখ ৭২ হাজার ৫৬০ মিনিটে এবং ১৫ মার্চ এই কল দাঁড়ায় ছয় লাখ ৮৯ হাজার ৮৫৯ মিনিট। কমিশনের দাবি, ওই ১১ লাখ ৮০ হাজার ৮৪৫ মিনিট অবশ্যই ভিওআইপিতে ব্যবহার করা হয়েছে। পরে ১৭ মার্চ এই কল দুই লাখে নেমে আসে। র্যাংকসটেলের প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) আবুল কালাম শামসুদ্দীন র্যাংকসটেলের সুইচরুমে কোনো ধরনের ভিওআইপি-সংশ্লিষ্ট সরঞ্জাম ছিল না বলে দাবি করেন। সুইচরুম বন্ধের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘কমিশন ভিওআইপির কারণে সুইচরুম বন্ধ করতে পারে না। গুটিকয় সংযোগের কারণে এখন ভোগান্তি প্রায় তিন লাখ গ্রাহকের।’ আবুল কালাম শামসুদ্দীন জানান, সাধারণ গ্রাহক ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক ও কলসেন্টার র্যাংকসটেলের করপোরেট গ্রাহক। বিটিআরসির তথ্যমতে, বর্তমানে র্যাংকসটেলের গ্রাহক দুই লাখ ৮৮ হাজার ২৭২। সুইচরুম বন্ধ ও তিনটি প্রতিষ্ঠানের গ্রাহকের ভোগান্তি সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান আন্তরিক দুঃখ প্রকাশ করেন। কিন্তু কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, সে প্রসঙ্গে তিনি কিছুই বলেননি। এ নিয়ে মোট তিনটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের সুইচরুম বন্ধ করল বিটিআরসি। অপর দুই প্রতিষ্ঠান হলো ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেল। ১৫ মার্চ ঢাকা ফোন ও ১৭ মার্চ ওয়ার্ল্ডটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে। ঢাকা ফোনের গ্রাহকসংখ্যা ৭৫ হাজার ৪৬৫ এবং ওয়ার্ল্ডটেলের ১৪ হাজার ২৬১। র্যাংকসটেলের বক্তব্য: প্রতিষ্ঠানের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক এনামুর রেজা দীপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিওআইপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে র্যাংকসটেল। তাদের দাবি, আইনবহির্ভূতভাবে বিটিআরসি র্যাংকসটেলের সুইচরুম বন্ধ করে দিয়েছে। এতে করে প্রায় তিন লাখ নিয়মিত গ্রাহকের নৈমিত্তিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অথচ আগে বড় বড় মোবাইল ফোন কোম্পানি একাধিকবার অবৈধ ভিওআইপির কারণে ধরা পড়লেও তাদের সুইচরুম বন্ধ করা হয়নি। র্যাংকসটেল সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রতিকার ও দ্রুত সুইচরুম খুলে দেওয়ার দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাংকসটেলে বর্তমানে ৪৭০ কর্মকর্তা কাজ করছেন। কমিশনের এ সিদ্ধান্তে প্রতিষ্ঠানের এখন দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা।