র্যাডিসনে জার্মানির আস্বাদ
টেবিলে সাজানো খাবারের নানা পদ। কোনোটায় মাংসের প্রাধান্য, কোনোটা মাছের, আবার কোনোটা সবজির। নানা রকম ফল ও মিষ্টান্নেরও সমাহার। কয়েক ধরনের স্যুপও রয়েছে সেখানে। এককথায় বলতে গেলে, এ যেন খাবারের রাজ্য। সন্ধ্যায় বিমানবন্দর সড়কের র্যাডিসন হোটেলের ব্লু রেস্টুরেন্ট এখন এসব খাবার দিয়ে আপ্যায়িত করছে ভোজনবিলাসীদের। এখানে বসেছে ‘অক্টোবর ফেস্ট’ শীর্ষক এক খাবার উৎসব। উৎসব সম্পর্কে র্যাডিসন হোটেলের জনসংযোগ ব্যবস্থাপক রাজীন অভি মুস্তাফিজ বলেন, ‘এর মাধ্যমে নগরের ভোজনবিলাসীদের জার্মানির খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’অক্টোবর ফেস্ট মূলত জার্মানির একটি উৎসব। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এটি। এবারই প্রথম এর সঙ্গে একাত্ম হয়ে র্যাডিসন আয়োজন করেছে খাবারের উৎসব। এ জন্য ব্লু রেস্টুরেন্টে জার্মান খাবারের নানা পদ জড়ো করা হয়েছে। উৎসব উপলক্ষে একটি কুকিং স্টেশনও থাকছে। যেখান থেকে চাইলে নিজেই পছন্দের খাবার তৈরি করে খেতে পারবেন যে কেউ। উৎসবের খাবারের স্বাদ পেতে জনপ্রতি খরচ হচ্ছে দুই হাজার ১৯৯ টাকা। এর সঙ্গে ভ্যাট ও সার্ভিস চার্জ যোগ হবে। তবে ৪ থেকে ১০ বছরের শিশুদের জন্য খরচ হয় এক হাজার ৯৯ টাকা। সঙ্গে ভ্যাট ও সার্ভিস চার্জ যোগ হবে।প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে খাবারের উৎসব। ১৯ অক্টোবর এর সমাপনী দিন।