র‌্যাব ও কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব ও কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য খবীরউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তাঁর ছেলে তৌফিক আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অপহরণ করার অভিযোগ আনা হয়।মহানগর হাকিম এম এ সালাম বাদীর জবানবন্দি নিয়ে ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন।আসামিরা হলেন র‌্যাব-১০-এর ফ্লাইট লে. মো. ইমন, উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হারুন, জ্যেষ্ঠ কারা পরিদর্শক তৌহিদুল ইসলাম, কারা উপপরিদর্শক ইমরান হোসেনসহ অজ্ঞাতনামা আরও চারজন।মামলার অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি বাদীর ছেলে তৌফিক আহমেদকে হিজবুত তাহরিরের সদস্য এবং জঙ্গি তত্পরতার অভিযোগে রমনা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ৪ মে হাইকোর্ট তাঁকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ১১ মে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামিননামা পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে ওই দিন আসামিকে ছাড়া হবে না জানিয়ে বাদীকে চলে যেতে বলা হয়।পরের দিন বাদী কারা উপপরিদর্শক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, সরকারের একটি সংস্থা আসামির বিরুদ্ধে কোনো ছাড়পত্র না দেওয়ায় তাঁকে ছাড়া যাচ্ছে না। কিন্তু ওই দিন সন্ধ্যায় বাদীর সামনে দিয়েই একটি সাদা মাইক্রোবাসে করে কারাগারের ভেতর থেকে বাদীর ছেলেকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় র‌্যাব।