র্যাব-কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জলদস্যু নিহত
বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝেরচর এলাকায় র্যাব ও কোস্টগার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু রাজু বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে র্যাবের দুই সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযান পরিচালনাকারী র্যাব কর্মকর্তা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।নিহত ব্যক্তিরা হলেন ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কুদ্দুস মোল্লা ওরফে নাতি কুদ্দুস, আরব আলী ওরফে কোম্পানি আরব ও ইদ্রিস আলী ওরফে রাঙা ইদ্রিস। তাঁদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রামদা এলাকায়।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) বরিশালের সহকারী পরিচালক লে. মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন রাজু বাহিনীর সদস্যরা বলেশ্বর নদের মাঝেরচরে অবস্থান নিয়ে সাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এ খবর পেয়ে গতকাল রাত দুইটার দিকে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালান। এ সময় জলদস্যুরা তাঁদের ওপর গুলি চালালে র্যাব ও কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালান। প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনায় ওই তিনজন নিহত হন। এ সময় র্যাবের ফ্লাইট লে. শামীম ও নায়েক ফারুকের কপালে ও হাতে গুলি লাগে।আজ সকালে নিহত ওই তিনজনের লাশ পাথরঘাটা উপজেলার চরদুয়ানি পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রাজু বাহিনীর সদস্যদের ব্যবহৃত একটি ট্রলার, একটি এয়ারগান, পাঁচটি দেশি বন্দুক, চারটি এলজি, ১৭টি কার্তুজ, ৩৩০টি বন্দুকের গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়।