র্যাব গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, র্যাব এখন গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে। র্যাবের এই ভূমিকায় মানুষ এখন তাদের ঘৃণা করছে। তবে সব গুপ্ত হত্যারই বিচার করা হবে।আজ জাতীয় প্রেসক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস অ্যাসোসিয়েশন (রাফসা) আয়োজিত রাজনৈতিক স্থবিরতা, বাকস্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপটে সরকারের অবস্থান শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ বলেন, র্যাব বিএনপিই গঠন করেছিল। তখন র্যাব খুবই জনপ্রিয় হয়েছিল। দেশের তরুণীরাও গিয়ে তাদের সমস্যার কথা র্যাবকে জানাত। আর এখন পুলিশ ও র্যাবের হাতে মৃত্যু প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।জামায়াতের তিন শীর্ষ নেতার গ্রেপ্তারের সমালোচনা করে মওদুদ বলেন, জামায়াত নির্বাচন কমিশনের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শুধু বিরোধী দলে থাকার জন্যই তাদের হয়রানি করা হচ্ছে। জোটকে দুর্বল করতেই এমন অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে।মওদুদ বলেন, সরকারের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে দেড় বছর নয়, সরকারের বয়স সাড়ে চার বছর হয়ে গেছে। কেননা, সরকারের শেষ সময়ে এ রকম অবস্থারই সৃষ্টি হয়। সরকার অসহনশীল হয়ে গেছে।টি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিএনপির নেত্রী সামা ওবায়েদ ও রাফসার চেয়ারম্যান শহিদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।আলোচনায় সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে দেশ ও জাতির কথা চিন্তা করতে হবে। জনগণকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জাতীয় স্বার্থ নিয়ে জনগণকে চিন্তা করতে হবে। ফারাক্কা এখন একটি বড় সমস্যা। এটি নিয়ে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় স্বার্থে কথা বলা উচিত।