হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, র্যাবের তদন্ত শাখা গতকাল এই আলোচিত হত্যা মামলার তদন্ত শুরু করেছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, র্যাব সদর দপ্তরের তিন পরিচালককে সদস্য করে তদারকি দল গঠন করা হয়েছে। এ দলটি মামলার তদারকি ও তত্ত্বাবধান করবে। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে। কমান্ডার সোহায়েল বলেন, গতকালই র্যাবের তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে মামলার তদন্তসংক্রান্ত নথিপত্র বুঝে নিয়েছেন।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকালও বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত অনেক দূর এগিয়েছে। পুলিশ ‘ফেল করেছে’, তা তিনি বলবেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক প্রতিরোধ নিয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।গত বুধবার হাইকোর্ট এক আদেশে বলেছেন, তদন্তে প্রত্যাশিত ফল দেখাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যর্থ হয়েছে। আদালত বলেন, তারাও কোনো সাফল্য দেখাতে না পারার কথা পরোক্ষভাবে স্বীকার করেছে।সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য করা রিটের শুনানি হয় গত বুধবার। শুনানির পর আদালত মামলাটি তদন্তের জন্য র্যাবে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। মামলার তদন্তের দায়িত্ব নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু তারা সোয়া দুই মাসেও যেমন কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তেমনি হত্যার উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি।