র‌্যাব দায়ী করল সোর্সকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত সোর্সের (গোপন তথ্যদাতা) ভুল তথ্যের কারণে গত ২১ মে সাতক্ষীরার নথুয়াডাঙ্গা গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে ‘বিভ্রান্তির’ সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় সোর্সসহ চারজনকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব এ দাবি করে। ২১ মে রাতে সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ওঠে র‌্যাব-৬-এর বিরুদ্ধে। অভিযানের সময় স্থানীয় জনতা র‌্যাবের অভিযান দলটিকে অবরুদ্ধ করে রাখে।গতকাল র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিষয়টিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে এর জন্য সোর্সকে দায়ী করা হয়েছে। র‌্যাব-৬-এর অভিযান দলের কর্মকর্তারা এ ষড়যন্ত্রের বিষয়ে কিছু জানতেন না বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।এ ঘটনায় র‌্যাবকে বিভ্রান্ত করার অভিযোগে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন—র‌্যাবের সোর্স আমিরুল ইসলাম (৩২), কবির হোসেন ভুট্টো (৩২), নুরুজ্জামান পল্টু (৩১) ও হাদিউজ্জামান (৩০)।র‌্যাবের লিখিত বক্তব্যে বলা হয়, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফের সঙ্গে শফিকুল ইসলামের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে শফিকুলকে ফাঁসাতে আবদুর রউফ র‌্যাবের সোর্স আমিরুলকে টাকা দিয়ে হাত করেন। পরিকল্পনা অনুযায়ী ২১ মে রাতে শফিকুলের বাড়িতে অস্ত্র রেখে আসেন রউফ চেয়ারম্যানের ছেলে সেলিম ও আটক হওয়া কবির হোসেন ভুট্টো। পরে আমিরুল র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানালে র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।র‌্যাবের দাবি, ঘটনাস্থলেই অভিযান দলের বিষয়টি সাজানো বলে মনে হয়েছে। কিন্তু তখন সংবাদদাতা র‌্যাবের সোর্স আমিরুলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ঘটনার শিকার ব্যবসায়ী শফিকুল ইসলাম গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, র‌্যাবের কর্মকর্তারা ঘটনা নাও জানতে পারেন। কিন্তু তাঁদের সঙ্গের সোর্সরা ঘটনা জানতেন। অভিযানের সময় সোর্স আমিরুল ও ভুট্টো সঙ্গে ছিলেন।শফিকুল জানান, একবার কেউ অস্ত্র রেখে যাওয়ার পর তিনি সেই অস্ত্র ঘর থেকে ফেলে দেন। এরপর আবারও ভুট্টো তাঁর ঘরে অস্ত্র রেখে যান। ঘটনার সময় আমিরুলকে খুঁজে পাওয়া যায়নি র‌্যাবের এ রকম দাবি সত্য নয়।যাচাই-বাছাই না করেই সোর্সের ওপর এত বিশ্বাস সম্পর্কে র‌্যাবের কর্মকর্তা সোহায়েল সাংবাদিকদের বলেন, আমিরুল এর আগে অনেক সঠিক তথ্য দিয়েছিলেন। তাই তাঁর ওপর র‌্যাবের বিশ্বাস ছিল।ঘটনার পর থেকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করে। এরপর গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে খুলনা রেলস্টেশন থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যানুযায়ী ভোর পাঁচটার দিকে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, ঘটনার পর রউফ চেয়ারম্যান তাঁর ছেলে সেলিমের মাধ্যমে আমিরুলকে ১০ হাজার ও ভুট্টোকে পাঁচ হাজার টাকা দেন। মুখ বন্ধ রাখতে আমিরুলের স্ত্রী রহিমাকে এক লাখ টাকা দেন রউফ চেয়ারম্যান। এর মধ্যে ৭৫ হাজার টাকা কৃষি ব্যাংকের নিজ হিসাবে জমা রাখেন রহিমা। বাকি টাকা খরচ করে ফেলেছেন তিনি।