র্যাব পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে র্যাব ও ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।আজ শুক্রবার দুপুরে উত্তরার র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডিং অফিসার রাশেদুল আলম বলেন, ‘কিছু সক্রিয় ছিনতাইকারী চক্র ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারীদের ডিবি অথবা র্যাব পরিচয় দিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর উত্তোলন করা অর্থ ছিনিয়ে নেয়। এ চক্রগুলোকে শনাক্ত করার জন্য র্যাব বিভিন্ন গোয়েন্দা তত্পরতা ও অভিযান শুরু করেছে।’এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে মেজর মোহাম্মদ মোসতাক আহম্মেদের নেতৃত্বে র্যাব-১-এর একটি অভিযানকারী দল বনানী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি মাইক্রোবাস উদ্ধার করে র্যাব।আটককৃত ব্যক্তিরা হলেন—মো. আশরাফুজ্জামান ওরফে লিকু (৪২), মো. মোস্তফা (২৮), মো. জুয়েল বিশ্বাস ওরফে জুয়েল রানা (২২), মো. আমির খান (৪২), মো. রুহুল আমিন (৪৫), মো. সোনা মিয়া (৫৫), মো. হেমায়েত হোসেন (৪৪) ও মো. সোহেল গাজী ওরফে সোহেল (৩২)। বাসস।