র‌্যাব পরিচয়ে জাসদ নেতাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সেনানিবাস-সংলগ্ন শহীদ ক্যাপ্টেন বাশার মার্কেটের সামনে থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক জাসদ নেতাকে র‌্যাব পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মোহামঞ্চদ আলী মহব্বত নামের এই নেতাকে অপহরণ করা হয়। এ ঘটনায় খুলনার খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জিডি থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাশার মার্কেটের খান লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি টেনেহিঁচড়ে উত্তর দিকে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে আলী (৪৫) পড়ে যান। পরে তাঁকে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজনের উদ্দেশে আলী চিৎকার করে বলতে থাকেন, ‘আপনারা আমারে বাঁচান, ওরা আমারে মেরে ফেলবে।’ তাঁর চিৎকার শুনে খান লাইব্রেরির মালিক হেলাল খানসহ তিন-চারজন এগিয়ে যান। আলীকে মাইক্রোবাসে তোলার কারণ জানতে চাইলে অপহরণকারীরা তাঁদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য বলে পরিচয় দেন। এ সময় হেলাল ও তাঁর সঙ্গীরা র‌্যাবের পরিচয়পত্র দেখাতে বলেন। তখন মাইক্রোবাসের ভেতরে থাকা এক ব্যক্তি নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মেহেদী পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা সরে যান। আমাদের কাজ করতে দিন।’ ততক্ষণে ঘটনাস্থলে বেশ কয়েকজন জড়ো হয়। একপর্যায়ে অপহরণকারীরা হেলালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং স্থানীয় ফল ব্যবসায়ী নাসিরকে চড় মারেন। পরে গালিগালাজ করতে করতে আলীকে একটি রুপালি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-৭৮০৯) তুলে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী হেলাল গতকাল শনিবার প্রথম আলোকে জানান, ‘সন্ধ্যার আগে থেকে মাইক্রোবাসটি নিয়ে চালকসহ কমপক্ষে পাঁচজনের একটি দল বাশার মার্কেট এলাকায় ঘোরাফেরা করছিল। রাতে দোকানের সামনে দাঁড়িয়ে চা খাওয়ার সময় দেখি, মাফলারে মুখ বাঁধা এক ব্যক্তিকে তিনজন মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। লোকটার চিৎকারে এগিয়ে গেলে আমাদের ধাক্কা দিয়ে তাঁরা তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। লোকটি তখন চিৎকার করে বলতে থাকেন, সেনানিবাসে কর্মরত সার্জেন্ট হাবিব আমার ভগ্নিপতি, ভাই আপনারা তাঁকে একটু খবর দেন।’সার্জেন্ট হাবিবুর রহমান গতকাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পাশের খানজাহান আলী থানায় জিডি করি। আলীকে কারা ধরে নিয়ে গেছে, এ ব্যাপারে আমরা এখনো অন্ধকারে আছি।’আলীর স্ত্রী ময়না খাতুন গতকাল দুপুরে কুষ্টিয়ায় স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করেন। তিনি বলেন, তাঁর স্বামী আলী জাসদের রাজনীতি করেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি গরুর ব্যবসা করেন। আলীর বোনের স্বামী হাবিবুর রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে আলীকে অপহরণের খবর দেন। তাঁর স্বামীকে র‌্যাব বা সন্ত্রাসী যে-ই অপহরণ করুক না কেন, তাঁকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোলাম মহসিন প্রথম আলোকে জানান, মোহামঞ্চদ আলী জাসদের কুমারখালী উপজেলা শাখার প্রচার সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার আদাবাড়িয়া গ্রামে। ময়না খাতুন আরও বলেন, ১৭ জানুয়ারি বিকেল চারটার দিকে এলাকার বাঁশগ্রাম হাট থেকে র‌্যাব পরিচয়ে আলীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ওই সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন তিনি। ওই দিনই তিনি এলাকা ছেড়ে রাজবাড়ীর পাংশা উপজেলার এক আত্মীয়ের বাড়ি চলে যান। সেখান থেকে শুক্রবার ভগ্নিপতির বাসায় যাচ্ছিলেন।খুলনায় র‌্যাব-৬-এর অপারেশন কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ‘ওই সময় আমাদের কোনো অভিযান চলেনি, বা আমরা কাউকে আটক করিনি।’