র্যাব পরিচয়ে পাঁচ তরুণকে অপহরণ, হদিস নেই ৪ দিন
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় সাদা পোশাকধারী পাঁচ ব্যক্তি র্যাব পরিচয়ে পাঁচ তরুণকে ধরে নিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই পাঁচ তরুণের সন্ধান পাওয়া যায়নি। র্যাব ওই এলাকা থেকে কাউকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে। পাঁচ তরুণের মধ্যে দুজনের পূর্ণ এবং দুজনের আংশিক পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুগন্ধা হাউজিংয়ের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে তৌফিকুল ইসলাম (২৩) ও পাশের চান্দুলিয়া গ্রামের সাইজুদ্দিন ব্যাপারীর ছেলে মোহর আলী (৩০) এবং একই এলাকার মোস্তফা (২৫) ও মিঠু (২৮)। মঙ্গলবার তাজুল ইসলাম তাঁর ছেলে তৌফিক ও ছেলের বন্ধু মোহরকে র্যাব পরিচয়ে ধরে নেওয়ার বিষয়টি সাভার থানাকে লিখিতভাবে জানিয়েছেন। অন্যদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, গতকাল সন্ধ্যা পর্যন্তও তা জানা যায়নি। সাভার থানার পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তৌফিক ও মোহরসহ আরও কয়েকজন সুগন্ধা হাউজিংয়ের সোহাগ মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই দোকান থেকেই র্যাব পরিচয়ে পাঁচ ব্যক্তি তাঁদের ধরে নিয়ে যান। গতকাল পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি। চা-দোকানদার সোহাগ জানান, সন্ধ্যা সাতটার দিকে কালো রঙের একটি মাইক্রোবাস এসে তাঁর দোকানের সামনে থামে। এরপর ওই মাইক্রোবাস থেকে হাতকড়া ও পিস্তল হাতে পাঁচ ব্যক্তি নেমে তাঁর দোকানে ঢোকেন। এরপর তাঁরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তৌফিক ও মোহরসহ পাঁচজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। অপর তিনজনের মধ্যে দুজনের নাম মোস্তফা (২৫) ও মিঠু (২৮) বলে সোহাগ জানান। তাঁদের বাড়ি ওই এলাকাতেই বলে তিনি নিশ্চিত করেন। অপরজনকে তিনি চেনেন না। তিনি জানান, ধরে নেওয়ার পর থেকে মোস্তফা ও মিঠুসহ তিনজনের সন্ধানে পরিবারের সদস্যরা প্রতিদিনই তাঁর দোকানে এসে ভিড় করছেন। তৌফিকের বাবা তাজুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার পর র্যাব ও গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খোঁজ করে সন্ধান না পেয়ে তিনি মঙ্গলবার সাভার থানায় লিখিত অভিযোগ করেন। এর পরও পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি। তাজুল ইসলাম জানান, র্যাবের পরিচয়ে তাঁর ছেলে তৌফিকসহ ছেলের আরও চার বন্ধুকেও ধরে নিয়ে যান সাদা পোশাকধারী ব্যক্তিরা। র্যাব-৪-এর সাভার ক্যাম্পের কর্মকর্তা রওনক আলম জানান, সোমবার সন্ধ্যায় হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং থেকে কাউকে আটক করা হয়নি। সাভার থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, লিখিত অভিযোগটি দেওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তকালে চায়ের দোকানদার সোহাগসহ নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা র্যাব পরিচয়ে পাঁচ তরুণকে ধরে নেওয়ার দাবি করেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে কি না, তা আমার জানা নেই।’