বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় হত্যা মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তি এড়াতে র্যাব ও গোয়েন্দা পুলিশকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ। গতকাল রোববার এ নিয়ে এক বৈঠক শেষে আইজি সাংবাদিকদের এ কথা জানান।এদিকে বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন থেকে এ মামলাসংক্রান্ত তথ্য প্রচারমাধ্যমকে না বলার জন্য নির্দেশ দিয়েছেন আইজি। নূর মোহাম্মদ বলেছেন, যা বলার তিনি নিজেই বলবেন।গতকাল বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে আইজি ছাড়াও ছিলেন র্যাবের প্রধান হাসান মাহমুদ খন্দকার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সৈয়দ শাহ জামান রাজ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, র্যাব-১০-এর পরিচালক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র জানায়, গৌতম হত্যার তদন্তের ব্যাপারে আইজি দুই পক্ষের বক্তব্য শুনতে চান। এ সময় র্যাব ও মহানগর পুলিশ উভয়ের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের তদন্ত সঠিক। প্রত্যক্ষদর্শী বলে দাবিদার মনা মিয়াও বৈঠকে কথা বলেন। এতে আইজি বলেন, এ মামলাটি বর্তমানে চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে রয়েছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।বৈঠকের পর আইজি নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘দুটি সংস্থা আলাদা হওয়ায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ঘটনাগুলোর বিচার করে। এ ছাড়া কৃতিত্ব নিতে অনেক সময় অপরাধী ধরার দাবি করা হয়। ফলে মাঝেমধ্যে এসব ভুলও হতে পারে।’আইজি আরও বলেন, বিষয়টি নিয়ে আর যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য র্যাব ও গোয়েন্দা পুলিশকে একসঙ্গে বসে কাজ করতে বলা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গত শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আহমেদ হায়দার ওরফে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল। এ খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন ও আলী হায়দারের কোনো সংশ্লিষ্টতা এর আগে পাওয়া যায়নি।জাকির-হায়দার বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সৈয়দ শাহ জামান রাজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। এ কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।