বংশাল থানার পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তি দূর করতে কাল রোববার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করবেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) নূর মোহাম্মদ। কাল সকালে পুলিশ সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।জানতে চাইলে পুলিশের আইজি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এ মামলার তদন্ত নিয়ে র্যাব ও গোয়েন্দা পুলিশের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এসব কারণে দুই পক্ষকে ডাকা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। এরপর এ ঘটনায় জড়িত হিসেবে হায়দার, জাকির ও মানিক—এই তিনজনের নাম পান বিভিন্ন সংস্থার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ ও ডিবি আহাম্মদ আলী ওরফে হায়দার এবং জাকির ওরফে বাইট্টা জাকির নামের দুজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র্যাবও হায়দার আলী ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। এক মামলায় দুজন হায়দার ও জাকির গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়। পরে আলী আহাম্মদ ও জাকিরকে জিজ্ঞাসাবাদ করে ডিবি জামান মল্লিক ও সোহেলকে গ্রেপ্তার করে।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আহমেদ হায়দার ওরফে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই খুনের ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন এবং আলী হায়দারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হায়দার, নাকি থানা ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হায়দার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সৈয়দ শাহ জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।সূত্র জানায়, তদন্ত নিয়ে কমিটির সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। শেষ পর্যন্ত তাঁদের সবাইকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আইজিপি। ১৮ মে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।