র্যাব-পুলিশকে পেশাদার আচরণের আহ্বান মজিনার
দেশের বড় রাজনৈতিক দলগুলোকে সময়মতো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। আজ মঙ্গলবার মানবাধিকার সংস্থা অধিকারের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।গুলশানে অধিকারের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মজিনা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সেরা তৈরি পোশাক রপ্তানিকারক, এ দেশের ওষুধ বিশ্ববাজারে যাচ্ছে, তথ্যপ্রযুক্তিও অনেক দূর এগিয়েছে, এমনকি এ দেশ থেকে জাহাজও রপ্তানি হচ্ছে। এখন বাংলাদেশের প্রয়োজন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। আর এর সঙ্গে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। তিনি বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় আর সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানো গেলেই কেবল সোনার বাংলাদেশ সম্ভব। অন্য অনেক অনুষঙ্গের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।মর্জিনা বলেন, পরের নির্বাচনটা সুষ্ঠু আর সময়মতো করার জন্য সব দলের অংশগ্রহণে আলোচনা প্রয়োজন। সব কটি দলকে নির্বাচনের স্বার্থেই আলোচনার টেবিলে আসতে হবে। তাহলেই কেবল সোনার আর স্বনির্ভর বাংলাদেশ সম্ভব।র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদার আচরণের আহ্বান জানান মজিনা। তিনি বলেন, মানবাধিকার রক্ষা হলো গণতন্ত্রের নিদর্শন। এ জন্য মার্কিন সরকার বাংলাদেশের পুলিশ, র্যাব, গণমাধ্যমের কর্মী, এমনকি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছে। এরই ধারাবাহিতায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য অধিকারের কার্যালয় পরিদর্শন।এ সময় অধিকারের সভাপতি সি আর আবরার, সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান, পরিচালক নাসিরউদ্দীন এলান, সদস্য সায়রা রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।