র্যাব-পুলিশের আচরণ মধ্যযুগীয় বর্বরতাও ছাড়িয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র্যাব-পুলিশের আচরণ মধ্যযুগীয় বর্বরতাও ছাড়িয়ে গেছে। প্রকাশ্যে একজন মানুষের বুকের ওপর দাঁড়িয়ে তারা মানবতাকে ভূলুণ্ঠিত করেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি পত্রিকায় ছবি দেখেছেন, পুলিশের বুট দিয়ে কীভাবে একজনকে আঘাত করা হচ্ছে। যদি দেখতেন, তাহলে ঘরে বসে থাকতে পারতেন না। বসে থাকার আর সময় নেই। এখন রাজপথে নেমে আসতে হবে।’ ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক পত্রিকায় লিখেছে, হরতালে পিকেটিং হয়নি। বিএনপি তো এটাই চেয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের মানুষ যে অসহনীয় অবস্থায় পড়েছে, তাতে তারা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে। পিকেটিং করার তাই প্রয়োজন হয়নি। হরতাল সফল হয়েছে।মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি রাজপথ দখলের রাজনীতি করে না। তারা দেশের জনগণের হূদয় দখল করার রাজনীতি করে। তিনি বলেন, ঢাকায় হরতাল বন্ধ করার জন্য ১৫ হাজার পুলিশ নামানো হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১০-১২ জন নেতাকে ঠেকানোর জন্য এক-দেড় হাজার পুলিশ ছিল। সরকারের উদ্দেশে তিনি বলেন, এসব পুলিশ ও র্যাব তুলে নিয়ে ‘লেভেল প্লেইং ফিল্ড’ করে দিন। দেখা যাবে রাজপথ কাদের দখলে থাকে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান প্রমুখও বক্তব্য দেন।