র‌্যাব-পুলিশের গাড়ি আটক করল ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে একজন র‌্যাব কর্মকর্তা ও দুজন পুলিশ কর্মকর্তার তিনটি গাড়ি আটক করেছেন ট্রাফিক পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) খান মোহাম্মদ রেজোয়ান। আজ শনিবার বিকেলে রাজধানীর যানজটের চিত্র পরিদর্শনে নেমে তিনি ওই তিনটি গাড়ি আটক করেন। তবে বিকেল পাঁচটা থেকে ইফতারের আগ পর্যন্ত ওই গাড়িগুলো আটকে রাখা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে রেজোয়ান প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাফিক আইন অমান্য করা নিয়ে প্রতিবেদন দেওয়া হবে। এরপর তাঁদের (তিন কর্মকর্তা) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শকের নির্দেশেই ট্রাফিক আইন অমান্যের অপরাধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।সূত্র জানায়, ট্রাফিক অবস্থা দেখতে আজ পরিদর্শনে নামেন ডিসি রেজোয়ান। বিকেল পাঁচটার দিকে শাহবাগে রূপসী বাংলা হোটেল-সংলগ্ন ভিআইপি রোডের উল্টো দিকে পৃথক সময়ে র‌্যাব সদর দপ্তরের একটি গাড়ি ও দুই পুলিশ কর্মকর্তার দুটি গাড়ি আসে। এভাবে ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো দিকে আসায় ওই তিনটি গাড়ি আটক করেন রেজওয়ান। ইফতারের আগ পর্যন্ত ওই গাড়িগুলো আটকে রাখা হয়। আটকের সময় পুলিশের দুই কর্মকর্তা ও র‌্যাবের কর্মকর্তা গাড়িতে ছিলেন।