র‌্যাব-পুলিশের পাহারায় ছয় জেটিতে কাজ শুরুর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সেই ছয় জেটির চারটিতে আজ সোমবার রাতে র‌্যাব-পুলিশ মোতায়েন করে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরুর চেষ্টা করেছে বেসরকারি বার্থ অপারেটররা। বাকি দুই জেটিতে জাহাজ ভেড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরুর প্রস্তুতি রাখা হয়েছে। তবে দাবি-দাওয়া নিয়ে কিছু সমস্যার কারণে রাত নয়টা পর্যন্ত কাজ শুরু করা যায়নি।বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় যেভাবে শ্রমিকেরা কাজ করেছে, সেভাবেই এখন বার্থ অপারেটরের অধীনে শ্রমিকেরা কাজ করতে চাচ্ছে। কিন্তু আমরা নিজেদের প্রয়োজনমতো শ্রমিক-কর্মচারী নিয়োগ করে কাজ শুরুর চেষ্টা করছি। কারণ, ‘বুকিং পদ্ধতির’ মাধ্যমে শ্রমিক নিয়োগ হলে এ সমস্যা কাটবে না।’ বন্দরের ছয়টি জেটিতে ছয় বার্থ অপারেটর প্রতিষ্ঠানের গত শুক্রবার বিকেল থেকে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বাধার কারণে ওই ছয় জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করা যায়নি। তবে বন্দরের সাধারণ পণ্য ওঠানো-নামানোর (জেসিবি) অন্য ছয় জেটি এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে কাজকর্ম স্বাভাবিক গতিতে চলে।জানা গেছে, শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আশ্বাসের পরও বন্দর কর্তৃপক্ষ আশঙ্কা করছে, যেকোনো ঠুনকো অজুহাতে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিতে পারেন। এ জন্য তারা কাজ শুরুর আগে বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় বিপুল পরিমাণ র‌্যাব-পুলিশ মোতায়েন করেছে। প্রয়োজনের বেশি ট্রাক-লরিসহ যানবাহন যাতে জেটিতে ঢুকতে না পারে—সেই ব্যবস্থাও সন্ধ্যা থেকে নেওয়া হয়।জেটিতে র‌্যাব-পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পার্ট) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের কাছে র‌্যাব-পুলিশের সহায়তা চেয়েছে, আমরা তা দিয়েছি। জেটিতে বাড়তি দুই প্লাটুন (প্রায় ৪০ জন) পুলিশ মোতায়েন করা হয়েছে।’বন্দর সূত্র জানায়, আজও আন্দোলনরত শ্রমিকনেতা ও বার্থ অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষের তিন দফা বৈঠক হয়। বৈঠকে শ্রমিকনেতারা তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় তুলে ধরেন। কাজ শুরুর পর শ্রমিকদের দাবি মানা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দেয়। বিকেলে শেষ বৈঠকে শ্রমিকেরা তাঁদের দাবির ব্যাপারে অনড় অবস্থানে গেলে কর্তৃপক্ষ প্রয়োজনে র‌্যাব-পুলিশের সহায়তা নিয়ে কাজ শুরুর কথা জানান। এরপর শ্রমিকনেতারা নমনীয় হয়ে কাজ শুরুর সম্মতি জানান। চট্টগ্রাম বন্দরের সদস্য হাদী হোসাইন প্রথম আলোকে বলেন, সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাতের পালা থেকে কাজ শুরু করছেন তাঁরা। ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেন, সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিতে সম্মত হয়েছেন।বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেওয়ার পর সাধারণ শ্রমিকেরা কাজ শুরু করেন। এর আগ পর্যন্ত শ্রমিকদের একটি অংশ কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করে। এ পরিস্থিতিতে শ্রমিকনেতারা সাধারণ শ্রমিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিকনেতাদের সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীকে দাবির বিষয় বুঝিয়ে বলা হবে। এর পরই সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিতে সম্মত হন।বন্দর সূত্রে জানা গেছে, আজ সকালে নয় নম্বর জেটিতে বার্থ অপারেটরদের কর্মীরা কনটেইনার সরবরাহের কাজ শুরু করেন। কিন্তু ডক শ্রমিকেরা দুপুরের দিকে মো. মাইনুদ্দিন এবং আলী আজগর নামে বার্থ অপারেটরের দুজন কর্মীকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে কনটেইনার সরবরাহ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বন্দরের সদস্য হাদী হোসাইনের নেতৃত্বে বন্দরের তিন সদস্যের প্রতিনিধিদল জেটিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায়। এ সময় প্রায় ২৫০ সাধারণ শ্রমিক বন্দরের শ্রমিক হিসেবে চাকরির দাবি জানান। হাদী হোসাইন শ্রমিকদের আশ্বাস দেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বার্থ অপারেটরের নিয়োগের চুক্তিতে শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা আছে। এটা নিশ্চিত করা হবে। শ্রমিকেরা প্রতিনিধিদলকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দেন।