রাজশাহীর চারঘাট উপজেলায় ১৪৪ ধারা উপেক্ষা করে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীর ‘তফসিরুল কোরআন মাহফিল’ অনুষ্ঠান করতে গিয়ে গতকাল শনিবার র্যাব ও পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান নামের স্থানীয় এক সমাজসেবকের বরাত দিয়ে গতকাল বেলা দুইটা থেকে উপজেলার সলুয়া ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অনুমতি না নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে জানিয়ে গতকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপর সকাল ১০টা থেকেই অনুষ্ঠানস্থলে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন ম্যাজিস্ট্রেট এবং র্যাব, পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স, স্পেশাল ফোর্স ও দাঙ্গা পুলিশের ৫০০ সদস্য মোতায়েন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে সলুয়া ডিগ্রি কলেজের মাঠের চারদিকে জড়ো হতে থাকে। এদের মধ্যে নারীরাও ছিলেন। তখন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বজলুর রশিদ লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার জন্য মাইকে নির্দেশ দেন। কিন্তু লোকজন পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিকেল চারটার দিকে মাঠে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ তাদের ধাওয়া দেয়। পুলিশ মাঠের এক দিক দিয়ে ধাওয়া দিলে তারা অপর দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। এভাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান থেকে ৬৭টি ফাঁকা গুলি, ৩৩টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের লাঠিপেটায় রায়হান, জাকিয়া, জাহাঙ্গীর, সালম, মাসুদ, ইনতাজ ও সাথীসহ প্রায় ২০ গ্রামবাসী আহত হন। এ ছাড়া লোকজনের ছোড়া ইটের আঘাতে পুলিশের ১০ সদস্য আহত হন দাবি করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ। এ সময় কামরুল, খলিল, সিরাজুল, রানা, জামাল, জুয়েল, সাইদ ও আলেকসহ ২৯ জনকে আটক করে পুলিশ।ছয়টার পর থেকে লোকজন সরে গেলে পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ উপজেলা চেয়ারম্যান আবু সাঈদের বাড়িতে অভিযান চালায়। এ ছাড়া সলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমানের বাড়িতেও অভিযান চালায় পুলিশ।ইউএনও আ ন ম বজলুর রশিদ জানান, অনুমতি না নিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করা হয়।রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ যখন এই অনুষ্ঠানের আয়োজন করেন, তখনই চারঘাট থানার ওসি এবং ইউএনও তাঁকে অনুমতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি বলেন, তাঁর অনুষ্ঠানের জন্য অনুমতির দরকার হয় না।এ ব্যাপারে কথা বলার জন্য আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।