র‌্যাব-পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ ওসমান বাহিনীর প্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শনিবার ভোররাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ ওসমান বাহিনীর প্রধান ওসমান গনি (৩৫) নিহত হয়েছেন। তাঁর আস্তানা থেকে গুলিভর্তি একটি রিভলবার ও একটি এলজি উদ্ধার করা হয়। তিনি র্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী বলে জানা গেছে।র‌্যাব সূত্র জানায়, ওসমানের বিরুদ্ধে ১০টি হত্যা, পাঁচটি অস্ত্র আইনে, দুটি অপহরণ, একটি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা আছে। তবে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১৬টি মামলার তথ্য দিতে পেরেছে পুলিশ।পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ওসমান তাঁর দলবল নিয়ে শনিবার ভোররাত পৌনে চারটার দিকে ফটিকছড়ির রাঙ্গামাটিয়া ইউনিয়নের মহাজনটিলা এলাকার আস্তানায় বৈঠক করছেন—এ খবর পেয়ে পাঁচটি গাড়ির বহর নিয়ে র‌্যাব ও পুলিশ আস্তানাটি ঘিরে ফেলে। বিষয়টি আঁচ করতে পেরে সন্ত্রাসীরা র‌্যাব ও পুলিশকে লক্ষ্য করে রিভলবারের গুলি ছোড়ে। র‌্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। এ অবস্থায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আস্তানায় ঢুকে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা নিহত যুবককে ওসমান বলে চিহ্নিত করে।র‌্যাব-পুলিশ ওসমানের আস্তানা থেকে একটি রিভলবার, একটি এলজি ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফটিকছড়ি থানায় দুটি মামলা করেছে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং হত্যা মামলায় আরেকটি মামলা হয়েছে।র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ওসমান র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তাঁর অত্যাচারে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাঁর বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। র‌্যাব-পুলিশের ধারণা, তাঁর বাহিনীর কাছে চারটি একে-৪৭ ও দুটি এম-১৬ অস্ত্র আছে।ওসমানের উত্থান: আমাদের ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ওসমান দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের মৃত জাগির হোসেনের ছোট ছেলে। পাঁচ ভাই ও তিন বোন নিয়ে তাঁদের সংসার। ১৯৯২ সালে ওসমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হন। এরপর আর পড়াশোনা করা হয়নি তাঁর। দুই বছর পর তিনি বিদেশে চলে যান। তিন বছর বিদেশে থেকে ১৯৯৭ সালে দেশে ফিরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী রাশেদুল আনোয়ার ওরফে টিপু বাহিনীতে যোগ দেন। ১৯৯৯ সালে টিপু অভ্যন্তরীণ কোন্দলে নিহত হলে ওই বাহিনীর প্রধান হন ওসমান।স্থানীয় সূত্র জানায়, বাহিনীর প্রধান হওয়ার পর জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি কাশেম চেয়ারম্যানের সঙ্গে ওসমান যোগাযোগ বাড়িয়ে দেন। সেনাবাহিনীর পোশাকে চলাফেরা করতে পছন্দ করতেন তিনি। ২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক খুন হন। ওই হত্যা মামলার প্রধান আসামি ওসমান। এরপর কাঞ্চননগরের তিন খুনের মামলারও অন্যতম আসামি ছিলেন তিনি।উল্লাস: ওসমানের মৃত্যুর খবরে ফটিকছড়িতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। হাজার হাজার মানুষ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। ক্ষুব্ধ জনতাকে ফটিকছড়ি থানা ভবনের সামনে জড়ো হয়ে তাঁর মরদেহের দিকে জুতা ছুড়ে মারতে দেখা যায়। জনতা পরে মিছিল নিয়ে তাঁর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়।