র্যাব ভেঙে দিন: হিউম্যান রাইটস ওয়াচ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে ‘খুনি বাহিনী’ উল্লেখ করে সেটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি র্যাবের মানবাধিকার পরিস্থিতির আমূল সংস্কারের জন্য ছয় মাসের সময় দিয়েছে। এ ছয় মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সংস্থাটি র্যাব ভেঙে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। ‘ক্রসফায়ার: বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দ্বারা নিরন্তন মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক ৫৩ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ এ দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও অন্য নিপীড়নমূলক ঘটনাগুলোর সমাপ্তি ঘটানো এবং দায়ী ব্যক্তিদের দায়বদ্ধতা রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে। প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২০০ লোক র্যাবের বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে র্যাবের বিচারবহির্ভূত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা তা অস্বীকার করছে। এমনকি সরকারের কেউ কেউ র্যাবের পক্ষে যুক্তি দিচ্ছেন।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার পরিচালক ব্র্যাড এডামস সংবাদ সম্মেলনে বলেন, ‘দুই বছর ক্ষমতায় থেকে সরকার র্যাবের হত্যামূলক আচরণ বন্ধ করার জন্য দুই বছর সময় পেয়েছিল। একটা “খুনি বাহিনী” রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সরকার তাদের থামাতে কোনো চেষ্টা করছে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’ হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, সরকারের উচিত পরবর্তী ছয় মাসের মধ্যে র্যাবের দায়বদ্ধতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া। হয় র্যাবের সংস্কার করতে হবে, নইলে ভাঙতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দাতা দেশগুলোর উচিত র্যাবের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হলে অবিলম্বে সব সাহায্য-সহযোগিতা প্রত্যাহার করে নেওয়া। প্রতিবেদনটিতে র্যাবের হেফাজতে নির্যাতিত হওয়া অনেকের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর তদন্তে পাওয়া গেছে, র্যাবের হেফাজতে থাকা অবস্থায় অনেক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তিদের শরীরে প্রায়ই এমন চিহ্ন পাওয়া যায়, যা নির্যাতনের চিহ্ন প্রমাণ করে। র্যাবের হেফাজত থেকে ফিরে আসা অনেকেই অভিযোগ করেছে, সেখানে তাদের ওপর নির্যাতন হয়েছে।সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, র্যাব সম্প্রতি মানুষ গুম করার কাজ শুরু করেছে, যা উদ্বেগজনক। সুদূর প্রসারী মানবাধিকার লঙ্ঘন এবং সাত বছরে ৭০০-র বেশি মৃত্যুর ঘটনার পর র্যাব থাকার কোনো যৌক্তিকতা নেই। সংস্থাটি র্যাবের পরিবর্তে পুলিশের অভ্যন্তরে নতুন বাহিনী গঠন করার কথা বলেছে, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সময় মানবাধিকারের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে। একই সঙ্গে সংস্থাটি র্যাব বা নবগঠিত কোনো বাহিনীতে সশস্ত্র বাহিনী থেকে সদস্য নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে। কারণ, সশস্ত্র বাহিনীর কাজ ও সংস্কৃতি পুলিশ বাহিনী থেকে আলাদা।