র‌্যাব মারধর করায় মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বিরোধের জের ধরে আজ বুধবার দুপুর থেকে রাজশাহী-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।পরিবহন শ্রমিকদের দাবি, কয়েকজন র‌্যাব সদস্য বাসচালক ও পরিবহন শ্রমিককে মারধর করায় তাঁরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।পুলিশ জানায়, আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে দুটি দূরপাল্লার বাস ঝিনাইদহ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। কুষ্টিয়ার মজমপুর এলাকায় পৌঁছার পর জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের লোকজন বাস দুটিকে আটকে দেয়। খবর পেয়ে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের ৭-৮ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিবহন শ্রমিক ও বাসচালকদের মারধর শুরু করেন। এর প্রতিবাদে শ্রমিকেরা তাত্ক্ষণিকভাবে মহাসড়কে বাস-ট্রাক রেখে অবরোধ করতে শুরু করেন।কুষ্টিয়া শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবদুল হামিদ জানান, বেশ কয়েক মাস ধরে পরিবহন চলাচল নিয়ে ঝিনাইদহের মালিক পক্ষের সঙ্গে কুষ্টিয়া মালিক পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ তাঁরা বাস দুটিকে আটকান। এ সময় র‌্যাব অতর্কিতে সাত-আটজনের ওপর হামলা চালায়। এর সুষ্ঠু বিচারের দাবিতে এ অবরোধ করা হচ্ছে।এদিকে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান র‌্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মজমপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা তা সমাধান করতে ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে ঘটনাটি জানিয়ে আমরা ফিরে আসি।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, অবরোধ প্রত্যাহারে শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক চলছে।