বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নসহ (র্যাব) দেশের নানা পরিস্থিতি নিয়ে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। একই সঙ্গে ভবিষ্যতে এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ না করতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এটা একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ।আজ বৃহস্পতিবার দুপুরে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিনিধিদল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডমস। খবর বাসস, ইউএনবি।র্যাব ভেঙে দেওয়া যে পরামর্শ হিউম্যান রাইটস ওয়াচ দিয়েছে—তার সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘র্যাবকে ভেঙে দেব না র্যাবের কার্যক্রম অব্যাহত রাখব, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার।’আইনমন্ত্রী বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিডিআর বিদ্রোহ মামলায় এবং র্যাবের কার্যক্রম আইনের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে।বিডিআর বিদ্রোহ মামলার জন্য গঠিত আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী শফিক আহমেদ।আইনমন্ত্রী বলেন, ‘আমরা এইচআরডব্লিউকে স্পষ্টভাবে বলেছি, তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ না করার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’ এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যারা দেশকে অকার্যকর করতে চায় এইচআরডব্লিউর প্রতিবেদনের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। এইচআরডব্লিউ অভিযোগ: বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে আটক বিডিআর জওয়ানদের ওপর ব্যাপক নির্যাতন ও অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের অনেক নির্যাতনের ঘটনার সঙ্গে র্যাব সংশ্লিষ্ট বলেও অভিযোগ তোলা হয়। গতকাল বুধবার হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এসব অভিযোগ তোলা হয়েছে। সংস্থাটি বিডিআর জওয়ানদের বিচারের জন্য ‘গণবিচার’ পদ্ধতি স্থগিত করার আহ্বান জানায়। একই সঙ্গে তারা র্যাব ভেঙে দিয়ে বেসামরিক সদস্যদের সমন্বয়ে পুলিশ বাহিনী বা অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে নতুন বাহিনী গড়ার প্রস্তাব করেছে।‘ভয় আমাকে ছাড়ছে না: ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর নির্যাতন, হেফাজতে মৃত্যু ও অবিচার’ শীর্ষক ৫৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে বিদ্রোহের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে বিদ্রোহের পর সন্দেহভাজন আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের বিবরণ নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া শত শত সন্দেহভাজন ব্যক্তির বিচার করতে গিয়ে ন্যায়বিচারের বিধানগুলো লঙ্ঘন করা হচ্ছে দাবি করে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবকে ‘কুখ্যাত’ দাবি করে এসব নির্যাতনের অনেকগুলো ঘটনার সঙ্গে র্যাব যুক্ত বলে সংস্থাটি অভিযোগ করেছে। এদিকে গতকাল হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে র্যাব। সংস্থাটি থেকে বলা হয় এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।