র‌্যাব লিমনকে হেনস্তা করে, মাহফুজকে জামাইআদরে জিজ্ঞাসাবাদ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত যেভাবে চলছে, তাতে আগামী ১০ অক্টোবরের মধ্যে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। তিনি বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এ হত্যাকাণ্ডের বিষয়টি দেখছে, র‌্যাবও সুষ্ঠুভাবে এ খুনের তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতারা সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক নিহত হয়েছেন, তাঁদের হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি করেন। এ ছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন সময়ে অশোভন বক্তব্য দেওয়া ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার জন্য এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিচার দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাহফুজুর রহমানকে ‘মিডিয়া মোগল’ বলে আখ্যা দিলে সাংবাদিকেরা মন্ত্রীকে অবহিত করেন, ইতিমধ্যেই এটিএন বাংলার চেয়ারম্যানকে ‘মিডিয়ার শত্রু’ বলে চিহ্নিত করা হয়েছে।বৈঠকে বিএফইউজের সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী বলেন, ‘আপনার কাছে আমাদের প্রত্যাশা, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেবেন র‌্যাবকে।’ তিনি বলেন, ‘আমাদের খুবই দুঃখ লাগে যখন দেখি র‌্যাব বিনা কারণে লিমন ও তার পরিবারকে হেনস্তা করে, অন্যদিকে ওই র‌্যাবই জামাইআদরে এটিএন বাংলার চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদ করে।’ তিনি বলেন, ‘এটিএন বাংলার চেয়ারম্যানের কত টাকা আছে, কী প্রতিপত্তি ও প্রভাব আছে যে তাঁকে জামাইআদরের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আমরা টেলিভিশনে দেখতে চাই কোথায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এসব আমরা দেখতে পাব না, ততক্ষণ পর্যন্ত মনে করব আপনারা তাঁকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন।’ ইকবাল সোবাহান বলেন, ‘যিনি প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছেন, তাঁকে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন? আমাদের সহকর্মীরা মারা যাবে, নির্যাতিত হবে, আর আমরা বসে থাকব, তা হবে না। আপনারা সাজা না দিলেও আমরা আমাদের মতো করে তাঁকে সাজা দেব। যারাই এ ব্যাপারে সহানুভূতি দেখাবে, আপনিও যদি দেখান, আমরা মনে করব আপনি তাঁর পক্ষ নিয়েছেন। তার পক্ষ নিয়ে প্রশাসন কাজ করছে।’ রুহুল আমিন গাজী বলেন, ‘আমরা কথায় আশ্বস্ত হতে চাই না, কাজে আশ্বস্ত হতে চাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমাদের ডেকে নিয়ে এক মাসের সময় চেয়েছিলেন, কিন্তু কোনো অগ্রগতিই করতে পারেননি।’ এটিএন বাংলার চেয়ারম্যানের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেই নিজেকে জড়িয়ে ফেলেছেন, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুততম সময়ের মধ্যে এ সবকিছুর বিচার চাই।’ ডিইউজের সভাপতি আবদুস শহিদ বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনাকে অন্যদিকে নেওয়া হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। রুনি, সাগর এবং চার চোরের ডিএনএ টেস্ট নিয়ে যেসব কথা হচ্ছে, এটিএন বাংলার চেয়্যারম্যানের যে বক্তব্য উঠেছে, সবকিছুরই আমরা বিচার চাই।’ ওমর ফারক বলেন, ‘স্বাধীনতার পর থেকে নিহত হওয়া কোনো সাংবাদিকের বিচার আজও হয়নি, তাই আমরা প্রতিটি হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করছি। এ ছাড়া সরকারেরই বিভিন্ন তদন্তে দেখা গেছে, পুলিশ কর্মকর্তা বিভিন্ন হত্যাকারীর সঙ্গে যোগসাজশ করে এসব করছে। হত্যার আগে মুঠোফোনে কথা বলছে, টাকা নিচ্ছে।’ তাই এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তাই আমরা আবারও দাবি করছি, হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হোক।’ তিনি বলেন, ‘সাংবাদিকতার কারণ ছাড়াও আজ আমরা আসামি। সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আমরা আসামি হয়েছি।’ শওকত মাহমুদ বলেন, ‘কোনো সাজানো ব্যক্তিকে যেন হত্যাকাণ্ডের জন্য দায়ী করে জনসম্মুখে দেওয়া না হয়। আমরা আশা করব, খুব স্বচ্ছভাবে এ বিচার সম্পন্ন হবে।’ তিনি বলেন, ‘এ পর্যন্ত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছে। গত সাড়ে তিন বছরে নিহত হয়েছে ১৭ জন সাংবাদিক।’ সাংবাদিকদের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সাংবাদিকদের শত্রু, তারা কখনো সরকারের বন্ধু নয়। মন্ত্রী বলেন, ‘আপনারা যে প্রশ্ন তুলেছেন, সে প্রশ্ন আমাদেরও। প্রশ্নগুলোর সুষ্ঠু জবাব না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’ প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।এরপর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।মজীনার সঙ্গে বৈঠক: এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন দূতাবাসের সামনে হিযবুত তাহরীরের কয়েকজন সদস্যের বিক্ষোভের ঘটনায় মজীনা উদ্বেগ প্রকাশ করে দূতাবাসের নিরাপত্তা চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী (স.)-এর অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। তাই এখন এই ইস্যু নিয়ে আন্দোলন করা সমীচীন নয়।ইসলামপন্থী সংগঠন হিজবুত তাওহীদের কর্মীরা ‘দাড়ি কেটে’ দূতাবাসের সামনে ওই বিক্ষোভের চেষ্টা চালায়—এমন মন্তব্য করে মহীউদ্দীন খান বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।