র‌্যাব সদর দপ্তরে মেঘের সাড়ে চার ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার সাড়ে চার ঘণ্টা র‌্যাব সদর দপ্তরে রাখা হয়। তবে মা-বাবা খুনের ব্যাপারে কিছুই বলেনি মেঘ। পুরোটা সময় ছোটাছুটি করেছে। তার আবদার মেটাতে র‌্যাব কর্মকর্তাদের উড়োজাহাজ দেখাতে হয়েছে।ছয় বছরের শিশুকে কেন র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে? এ প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক ক্যাপ্টেন এম সোহায়েল বলেন, ‘এটা জিজ্ঞাসাবাদ নয়, কথা বলার মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। এর আগে মনোবিজ্ঞানীর মাধ্যমে তার কাউন্সেলিং হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য তাকে আনা হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের জ্যেষ্ঠ শিশু মনোবিজ্ঞানী মনোয়ারা পারভীন জাহাঙ্গীর বলেন, একটি ছোট্ট বাচ্চাকে তার আঘাতের কথা বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। এতে করে তার ভেতরে ভীতি তৈরি হচ্ছে। তাঁর মত, প্রয়োজনে মনোবিজ্ঞানীদের সাহায্য নিয়ে র‌্যাবের সদস্যরা মেঘের সঙ্গে কথা বলতে পারতেন।মেঘের মামা নওশের রোমান প্রথম আলোকে বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফোন করে মেঘকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যেতে বলেন। বেলা দেড়টার দিকে তিনি মেঘকে নিয়ে সেখানে যান। তাকে যেখানে বসতে দেওয়া হয়, সেখানে পোশাক পরা বেশ কয়েকজন র‌্যাব সদস্য ছিলেন। একপর্যায়ে মেঘকে রেখে তাঁকে বাইরে যেতে বললে মেঘ বিরক্ত হয়। মামাকে ছাড়া সে কোনোভাবেই র‌্যাব সদস্যদের সামনে বসতে চাচ্ছিল না। পরে মেঘ তার মামার সঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসে। এর পর থেকে মেঘ নিজের খুশিমতো ঘুরে বেরিয়েছে। সে একবার আবদার করে উড়োজাহাজ দেখবে। তখন একজন কর্মকর্তা তাকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের ছাদে ওঠেন। পরে মেঘ আরও আবদার করে, সে বিমানবন্দরের ভেতরে যাবে। র‌্যাবের একজন কর্মকর্তা শেষ পর্যন্ত তাকে বিমানবন্দরের ভেতরে বিমান দেখাতে নিয়ে যান।র‌্যাব সূত্র জানায়, এভাবে দীর্ঘ সময় অবস্থানের পরও তাঁরা মেঘের সঙ্গে কথা বলার পরিবেশ পাননি। শেষ পর্যন্ত বিকেল পাঁচটার দিকে মেঘকে নিয়ে যেতে বলা হয়।র‌্যাব সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। আর গ্রেপ্তার করেছে সাতজনকে। এ ছাড়া ১৩ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়জনের নমুনা মেলেনি। এখন সাতজনের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সর্বশেষ পাঠানো হয়েছে সাগর-রুনীর ‘পারিবারিক বন্ধু’ তানভীর এবং নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পালের ডিএনএ নমুনা।সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত তানভীর ও পলাশকে আট দিনের রিমান্ডে এবং অন্যদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই এখন কারাবন্দী। তবে এঁরা কেউই এখন পর্যন্ত হত্যার কথা স্বীকার করেননি।