র‌্যাব সদস্য ১০ মাস নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের সদস্য নূর নবী চৌধুরী প্রায় সাড়ে ১০ মাস নিখোঁজ। তাঁকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁর মা ও স্ত্রী। গতকাল বুধবার ঢাকায় তাঁরা সংবাদ সম্মেলনে বলেন, র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে তাঁরা ঘুরেছেন, আকুতি জানিয়েছেন নূর নবীকে উদ্ধারের জন্য। কিন্তু আশানুরূপ কোনো সহযোগিতা পাননি।কনস্টেবল নূর নবীর স্ত্রী ইয়াসমিন আক্তারের অভিযোগ, র‌্যাব-৩-এর তত্কালীন পরিচালক লে. কর্নেল জাকির হোসেনের যোগসাজশে তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও জাকিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এখন আর র‌্যাবে নেই বলে জানা গেছে। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে তদন্ত হয়েছে, উদ্ধারের চেষ্টাও চলছে। নূর নবী চৌধুরীর স্ত্রী ইয়াসমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, র‌্যাব-১-এ কর্মরত নূর নবী র‌্যাব সদর দপ্তরে ব্যারাকে থাকতেন। গত বছরের ৫ মে সেখান থেকে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে তাঁর সহকর্মীরাও মুখ খুলছেন না। ইয়াসমিন আক্তার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বেতন-ভাতা বন্ধ থাকায় দুই অবুঝ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান তিনি।ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, র‌্যাব-৩-এর খিলগাঁওয়ের কোম্পানি কমান্ডারের অধীনে কর্তব্য পালনকালে নূর নবী একদিন নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় র‌্যাব-৩-এর তত্কালীন পরিচালক জাকির হোসেন তাঁকে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটি হলে পরিচালক নূর নবীকে অকথ্য ভাষায় গালাগাল ও চাকরি খাওয়ার হুমকি দেন। পরিচালকের সঙ্গে থাকা ওয়ারেন্ট অফিসার রফিক ও সার্জেন্ট দেলোয়ার তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর ৩০ এপ্রিল নূর নবীকে র‌্যাব-১-এর উত্তরার কার্যালয়ে বদলি করা হয়। ইয়াসমিন জানান, “গত বছরের ৩ মে রাতে মোবাইল ফোনে আমাকে সে বলে, ‘আমি খুব বিপদের মধ্যে আছি। তোমার সঙ্গে জীবনে আর দেখা নাও হতে পারে। তোমরা গ্রামের বাড়িতে চলে যাও।’ এর পর থেকে নূর নবীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। ৫ মে র‌্যাব সদর দপ্তরে গেলে তাঁর সহকর্মীরা জানান, নূর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর কাপড়-চোপড় একজন কর্মকর্তার কাছে আছে। আমি র‌্যাব-১-এর পরিচালকের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি।” ইয়াসমিনের আকুতি, ‘নূর নবী যদি মারা গিয়ে থাকে, তাহলে অন্তত তাঁর লাশটা ফেরত দিন।’নূর নবী নিখোঁজ হওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূর নবীর দেড় বছরের মেয়ে অনিষা ও আড়াই বছরের ছেলে মেসবাহউদ্দিন, মা হাসিনা বেগম এবং স্ত্রীর বড় ভাই আক্কাস আলী।এ বিষয়ে র‌্যাবের মহাপরিচালক প্রথম আলোকে বলেন, নূর নবী অপ্রকৃতিস্থ ছিলেন। নিয়মতান্ত্রিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তিনি র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, কনস্টেবল নূর নবী র্যাবের সদস্য। সুশৃঙ্খল এই বাহিনী হিসেবে কোনো সদস্যকে তাঁর সহকর্মীরা খুন করতে পারেন না। র‌্যাবের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নেপথ্যে থেকে কেউ এই কাজ করেছে। নূর নবী র‌্যাব সদর দপ্তরের ব্যারাক থেকে পালিয়ে যাওয়ার পর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। এ ঘটনা তাঁর স্ত্রী, সংশ্লিষ্ট পুলিশের উপকমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। র‌্যাব সদর দপ্তরের একজন পরিচালককে ও তাঁর নিজ জেলা ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটিও করা হয়। দুটি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিখোঁজ হন কিংবা নিজের ইচ্ছায় পালিয়ে গেছেন।পরিচালক বলেন, খুলনা মহানগর পুলিশ থেকে র‌্যাব সদর দপ্তরে যোগদানের পর তাঁকে র‌্যাবের গাজীপুরে স্কুলে প্রশিক্ষণ নিতে পাঠানো হয়। সেখানে নূর নবী চৌধুরী লিখিত আবেদন করে বলেন, তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি এখানে প্রশিক্ষণ নিতে আগ্রহী নন। এরপর তাঁকে র‌্যাব-৩-এ পাঠানো হয়। একইভাবে নূর নবী র‌্যাব-৩-এর পরিচালকের কাছে আবেদন করে বলেন, তিনি র্যাবে থাকতে আগ্রহী নন। তিনি খুলনা মহানগর পুলিশে ফিরে যেতে চান। র‌্যাব সদর দপ্তর তাঁকে ফেরত নিতে খুলনা মহানগর পুলিশের কাছে অনুরোধ করা হয়। এর মধ্যেই নূর নবী পালিয়ে যান।এ ব্যাপারে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান প্রথম অলোকে বলেন, অপ্রকৃতিস্থ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। তাঁর হাতে অস্ত্র দিয়ে দায়িত্ব পালন করানো মানবিক ও নৈতিক নয়। তাঁকে র‌্যাব কিংবা পুলিশে বহাল রাখা হলেও খেয়াল রাখতে হবে, কোনোভাবেই তিনি যেন অস্ত্রের কাছে না যেতে পারেন।