র‌্যাব: যুক্তরাজ্যে প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন কূটনৈতিক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবকে যুক্তরাজ্য সরকার প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় মার্কিন আইনের পরিপন্থী হবে—এ যুক্তিতে যুক্তরাষ্ট্র তাদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়নি।গত মঙ্গলবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এ বিষয়ে খবর প্রকাশ করে। পত্রিকাটির খবরের শিরোনাম ছিল ‘উইকিলিকস কেব্লস: বাংলাদেশি “ডেথ স্কোয়াড” ট্রেইনড বাই ইউকে গভর্নমেন্ট’।গার্ডিয়ান-এর খবরে মার্কিন দূতাবাসের কেব্ল উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ‘সরকারি ডেথ স্কোয়াড’ হিসেবে নিন্দিত র‌্যাবকে যুক্তরাজ্য সরকারের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়। খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে শত শত বিচারবহির্ভূত হত্যা ও নিয়মিতভাবে আটক ব্যক্তিদের নির্যাতন করার জন্য দায়ী বলে অভিযুক্ত র‌্যাব যুক্তরাজ্যের কাছ থেকে ‘অনুসন্ধানী জেরার কৌশল’ ও কর্মকৌশল বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে।উইকিলিকসের ফাঁস করা বেশ কয়েকটি গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তা থেকে র‌্যাবকে দেওয়া প্রশিক্ষণের বিস্তারিত জানা গেছে। ওই সব বার্তা থেকে বাংলাদেশে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও জানা যায়। একটি তারবার্তায় স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র র‌্যাবকে মানবাধিকার রক্ষা ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশিক্ষণ দেবে না। কারণ ‘র‌্যাব সদস্যরা দণ্ডের আশঙ্কা ছাড়াই ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকেন।’ এ কারণে এ বাহিনীকে অন্য কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া মার্কিন আইন অনুযায়ী অবৈধ হতে পারে।গার্ডিয়ান লিখেছে, বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের হিসাবে, ছয় বছর আগে র‌্যাব গঠন করার পর এ পর্যন্ত এর সদস্যরা এক হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’-এ মৃত্যু বলে বর্ণনা করা হয়। খবরে আরও বলা হয়, মানবাধিকার সংগঠনগুলো র‌্যাবের নির্যাতনের অনেক কথিত ঘটনা নথিভুক্ত করেছে। পাশাপাশি সংগঠনগুলো বলছে, এই বাহিনীর সদস্যরা অপহরণ, চাঁদাবাজি ও ক্রসফায়ারে হত্যা করার জন্য মোটা অঙ্কের ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।এদিকে মানবাধিকার বিষয় ছাড়া র‌্যাবের প্রশিক্ষণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কথিত অনাগ্রহ সত্ত্বেও মার্কিন কূটনৈতিক বার্তাই ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয়েই বাংলাদেশে সন্ত্রাসবাদবিরোধী অভিযানকে শক্তিশালী করার সংকল্প থেকে র‌্যাবের সক্ষমতা বাড়ানোর পক্ষে। কেবলে বলা হয়, দুই দেশই মনে করে গত এক দশকের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির শিকার বাংলাদেশের জনগণ র‌্যাবের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ ও প্রশংসাসূচক মনোভাব পোষণ করে।একটি বার্তায় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি র‌্যাব সম্পর্কে বলেন, এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে র‌্যাবেরই কোনো একদিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) মতো সংস্থা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।আরেকটি বার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে মরিয়ার্টি বলেন, ‘তারা র‌্যাবকে ১৮ মাস ধরে প্রশিক্ষণ দিয়েছে। এ প্রশিক্ষণের মধ্যে ছিল “অনুসন্ধানী জেরার কৌশল” ও কর্মকৌশল (“ইনভেস্টিগেটিভ ইন্টারভিউইং টেকনিকস” ও “রুলস অব এনগেজমেন্ট”) বিষয়ে প্রশিক্ষণ। র‌্যাবকে দেওয়া প্রশিক্ষণ সহায়তার ব্যাপারে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ সরকার বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে মানবাধিকার রক্ষা বিষয়ে সহযোগিতা করছে।’তবে এ ব্যাপারে র‌্যাবের প্রশিক্ষণ শাখার প্রধান পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মেজবাহ উদ্দিন গার্ডিয়ানকে বলেন, কয়েক মাস আগে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি এ পর্যন্ত মানবাধিকার রক্ষাবিষয়ক কোনো প্রশিক্ষণের ব্যাপারে অবগত নন।ফাঁস হওয়া ওই সব বার্তা অনুযায়ী, তিন বছর আগে গত লেবার সরকারের আমলে যুক্তরাজ্য র‌্যাবকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করে। র‌্যাব কর্মকর্তারা এ মর্মে নিশ্চিত করেছেন, যুক্তরাজ্যে তাঁরা বেশ কয়েকটি প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশ নিয়েছেন। যুক্তরাজ্যে নতুন জোট সরকার গঠনের পর গত অক্টোবরেও এ ধরনের প্রশিক্ষণে যোগ দিয়েছেন তাঁরা। মন্ত্রীরা এই প্রশিক্ষণ কর্মসূচি অনুমোদন করেছেন কি না জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শুধু পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এবং অন্য কয়েকজন মন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডের ব্যয় সম্পর্কে জানেন।গার্ডিয়ান-এর খবরে বলা হয়, মানবাধিকার সংগঠনগুলো বলেছে, র‌্যাবকে পুনর্গঠন করা সম্ভব নয়। তারা উল্লেখ করেছে, গত ১২ মাসে এ বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের আরও অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অনেকবার র‌্যাবকে বাংলাদেশ সরকারের ‘ডেথ স্কোয়াড’ বা ‘হন্তারক বাহিনী’ হিসেবে অভিহিত করেছে।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া শাখার পরিচালক ব্র্যাড অ্যাডামস গার্ডিয়ানকে বলেন, ‘দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে যে ধরনের ডেথ স্কোয়াড ব্যবহার করা হয়, র‌্যাব সন্ত্রাস দমন বাহিনীর পোশাকে সে ধরনেরই একটি বাহিনী। যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটি কার্যকর সন্ত্রাস দমন সহযোগী খুঁজতে গিয়ে র‌্যাবের সঙ্গে কাজ করা ও একে বাংলাদেশের অভ্যন্তরে বৈধতাদানের ক্ষেত্রে যেসব ঝুঁকি রয়েছে, তা উপেক্ষা করেছে।’ ব্র্যাড অ্যাডামস আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে সহযোগিতা বন্ধ করা হবে—এমন কোনো কথা যুক্তরাজ্যের শীর্ষপর্যায় থেকে কখনো র‌্যাবকে বলা হয়েছে কি না, তা পরিষ্কার নয়।র‌্যাব বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের ব্যাপারে মন্তব্য করতে বললে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর গার্ডিয়ানকে বলে: ‘আমরা সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা কার্যক্রমের বিস্তারিত নিয়ে আলোচনা করি না। সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা কার্যক্রম আমাদের আইন ও মূল্যবোধের সঙ্গে সংগতি রেখেই চালানো হয়।’পত্রিকাটির খবরে আরও বলা হয়েছে, র‌্যাবের জন্য অন্তত কয়েকটি প্রশিক্ষণ পরিচালনা করেছেন যুক্তরাজ্যে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। ন্যাশনাল পুলিসিং ইমপ্রুভমেন্ট এজেন্সির (এনপিআইএ) অধীনে এ প্রশিক্ষণ চলে। পুলিশের দক্ষতা ও মান বাড়ানোর বিষয়টি তত্ত্বাবধান করতে ২০০৭ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। ডেথ স্কোয়াড হিসেবে নিন্দিত একটি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ব্রিটিশ পুলিশ কর্মকর্তাদের জন্য যথার্থ কি না, জিজ্ঞেস করা হলে এনপিআইএর একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, প্রশিক্ষণ কোর্সগুলো সরকার ও অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার্স কর্তৃক অনুমোদিত। এনপিআইএ র‌্যাব ও পুলিশকে ফরেনসিক, অপরাধ সংঘটনস্থল ব্যবস্থাপনা ও আলামত উদ্ধারের মতো কারিগরি বিষয়ে ‘সীমিত সহযোগিতা’ দিয়েছে উল্লেখ করে ওই মুখপাত্র বলেন, এ ক্ষেত্রে সাক্ষী, সন্দেহভাজন ও ঘটনার শিকার ব্যক্তিদের মানবাধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। গার্ডিয়ান লিখেছে, র‌্যাবের সঙ্গে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরে মতভিন্নতা রয়েছে। সেখানে এক পক্ষ মনে করে, এই অঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী কর্মকৌশলের একটি অপরিহার্য অংশ র‌্যাবকে সহযোগিতা করা উচিত। অন্য অংশটি মনে করে, র‌্যাবের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে ব্রিটেনের সুনাম ক্ষুণ্ন হবে। পত্রিকাটি আরও উল্লেখ করেছে, বাংলাদেশে একের পর এক সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে এ প্রতিশ্রুতি দিলেও তা বন্ধ হয়নি।তথ্য প্রকাশে অনাগ্রহ সরকারেরর‌্যাবের অতীত মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশে সরকারের একটি অংশ অনিচ্ছুক বলে এক তারবার্তায় জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তার উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, গত বছরের ১৪ জানুয়ারি এক তারবার্তায় এ কথা বলেন মরিয়ার্টি। এর আগে ২০০৮ সালের ১১ আগস্ট এক তারবার্তায় মরিয়ার্টি জানান, ‘র‌্যাব সম্পর্কে ধারণা নিতে এবং বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার কীভাবে কাজ করতে পারে, তার উপায় বের করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ১২-১৬ জুলাই ঢাকা সফর করে।‘সফরের শেষ দিন প্রতিনিধিদলটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলের এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ইন্টার-এজেন্সি কাউন্টার টেররিজম ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিরাও অংশ নেন।’র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের বৈঠকে মার্কিন কর্মকর্তারা র‌্যাবের আগের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড এবং আইনের অপব্যবহার ঠেকাতে ও তদন্ত করতে করণীয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ একাডেমি ও ইউনিট পর্যায়ের পাঠ্যসূচিতে মানবাধিকার বিষয়টি রাখতে র‌্যাবের আগ্রহের বিষয়টি প্রতিনিধিদলকে জানানো হয়।মরিয়ার্টির ২০০৮ সালের ওই বার্তায় বলা হয়, ‘প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বশেষ বৈঠকে এ বিষয় উঠে আসে যে, অতীতের মানবাধিকার লঙ্ঘনের তথ্য দিতে সরকারের আমলারা অনিচ্ছুক।’বৈঠকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিবকে দায়িত্ব দেওয়া হয় উল্লেখ করে মরিয়ার্টি লেখেন, ‘কিন্তু প্রাথমিকভাবে বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হলে অগ্রগতি খুব সামান্যই। সফরকারী ওই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সাক্ষাতে মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে যৌথ কর্মসূচির বিষয়ে পদক্ষেপ নিতে তিনি (উপসচিব) সামান্যই আগ্রহ দেখান।’