র্যাবকে দায়ী করেছে তদন্ত কমিটি
কায়সার মাহমুদ বাপ্পী, মহিউদ্দিন আরিফ ও নূর আলম হত্যাকাণ্ডের জন্য র্যাবের সংশ্লিষ্ট সদস্য এবং তাঁদের সোর্সই (তথ্যদাতা) দায়ী। এসব হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার সুপারিশ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশে সরকার এ দুটি তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে এটা নিশ্চিত হলো যে বাপ্পী ও আরিফের পরিবারের দাবি এবং সংবাদপত্রের অনুসন্ধান সঠিক।জানা যায়, বাপ্পী এবং র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী কামরুজ্জামান বাপ্পী এক ব্যক্তি নন। র্যাবের সোর্সের ভুল তথ্যের ভিত্তিতে এবং তথ্য যাচাই না করেই উদীয়মান মডেল ও অভিনেতা বাপ্পী ‘ক্রসফায়ার’ নামের হত্যাকাণ্ডের শিকার হন এক বছর আগে। অথচ এই বাপ্পীর নামে থানায় কোনো মামলা বা অভিযোগ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।অন্যদিকে মহিউদ্দিন আরিফ মারা গেছেন নির্যাতন ও নির্যাতন-পরবর্তী চিকিৎসায় অবহেলার কারণে। এ ব্যাপারে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব-৪-এর হেফাজতে আরিফের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। প্লাস দিয়ে তাঁর হাতের নখে চাপ দিয়ে জখম করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারে চিকিৎসকদের অবহেলায় আরিফ মারা যান।এ ছাড়া মুক্তিযোদ্ধার ছেলে নিহত নূর আলম বাবু কোনো সন্ত্রাসী কাজে জড়িত ছিলেন না। তদন্ত কমিটি জানায়, সন্ত্রাসীদের সঙ্গে র্যাব-৩-এর টহল দলের ক্রসফায়ারের ঘটনাটি সাজানো।দুটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় এ বছরের সেপ্টেম্বরে। নূর আলম হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে নভেম্বরে।যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, এসব ঘটনার তদন্ত প্রতিবেদন তিনি পেয়েছেন এবং ঘটনা তিনটি মর্মান্তিক ও দুঃখজনক। প্রতিবেদনগুলো র্যাবের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন সম্পর্কে তাদের কোনো মতামত থাকলে তা জানাতে বলা হয়েছে। সচিব বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাইনি। তবে যারাই বিচারবহির্ভূত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হবে।’এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, এ ধরনের কোনো তদন্ত প্রতিবেদন তাঁরা পাননি। তা ছাড়া র্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন।যা ঘটেছিল: গত বছরের ৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১-এর সদস্যরা পূর্ব রামপুরা বাজার এলাকার ৩২৩ নম্বরে নির্মাণাধীন ভবনের নিচতলায় যান। র্যাবের কাছে তথ্য ছিল, সেখানে সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে বাপ্পী ওরফে মিয়া ভাই ও তার সহযোগীরা এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য বৈঠক করছিল। কিন্তু সোর্সের ভুল তথ্যের ভিত্তিতে তারা অন্য বাপ্পীকে আটক করে।মারা যাওয়ার আগে বাপ্পীর নামে থানায় কোনো মামলা ছিল না। তাঁকে হত্যার পর রামপুরা থানায় কায়সার মাহমুদ ওরফে কামরুজ্জামান ওরফে বাপ্পী ওরফে মিয়া ভাই নামে মামলা করা হয় (নং-১৩ ও ১৪, ১০/৯/২০১০)। নামের শেষ অংশ বাপ্পী হওয়ায় সন্ত্রাসী কামরুল ইসলাম বাপ্পীর পরিবর্তে কায়সার মাহমুদ বাপ্পী নামে এ মামলা চালিয়ে দেওয়া হয়।জানা যায়, র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নেতৃত্বে সার্জেন্ট আবদুল হান্নান, লে. করপোরাল আজম খান, এএসআই মুসা মিয়া, সৈনিক পিকুল বিশ্বাস, সার্জেন্ট কাজিমউদ্দিন, এএসআই মারুফুল ইসলাম, এএসআই মো. রোকনউদ্দীন, করপোরাল খসরু মিয়া, নায়েক মিজানুর রহমান বাড্ডা থানায় দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টায় এএসপি ওমর ফারুক মুঠোফোনে তাঁর সোর্সের মাধ্যমে সংবাদ পান, কায়সার মাহমুদ বাপ্পী সহযোগীদের নিয়ে পূর্ব রামপুরায় অবস্থান করছে। খবর পেয়েই তিনি ওই এলাকায় অভিযান চালান।র্যাব দাবি করেছিল, ঘটনার দিন সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। তাই তারাও পাল্টা ২৫টি গুলি ছোড়ে। সন্ত্রাসীরা ছোড়ে ৬০ থেকে ৭০টি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্মৃতিরানী ঘরামির নেতৃত্বে গঠিত একটি কমিটি এ ঘটনার ঘটনা তদন্ত করে। র্যাবের সদস্য নায়েক মিজানুর রহমান তদন্ত কমিটিকে জানান, কাদের ছোড়া গুলি নিহত বাপ্পীর গায়ে লেগেছিল, তা তিনি অন্ধকারে বুঝতে পারেননি। তিনি আরও জানান, গোলাগুলি শেষ হওয়ার পর অস্ত্র, তাজা গুলি, ব্যবহূত গুলির খোসা জব্দ করার জন্য তল্লাশি করা হলে মাত্র একটি গুলির খোসা পাওয়া গেছে।এএসপি ওমর ফারুক তদন্ত কমিটিকে জানান, সোর্সের কাছ থেকে মুঠোফোনে তিনি জানতে পারেন, সেখানে সন্ত্রাসীরা কোনো অপরাধের পরিকল্পনা করার জন্য জড়ো হয়েছিল। তবে বাহিনীর নিয়ম অনুযায়ী ওই সোর্সের নাম বলা যাবে না, সোর্স কোনো অপরাধী নয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, সোর্স (রমজান) মাদক ব্যবসা করেন। ফেনসিডিলের মামলায় তিনি সম্প্রতি জেলও খাটেন। ওই রমজানই জেলের ভেতরে আরেক আসামির কাছে বলেছেন, ভুলে বাপ্পীকে গুলি করা হয়েছে। রমজান তদন্ত কমিটিকে আরও জানিয়েছেন, তিনি র্যাবের সোর্স নন। তদন্ত কমিটির ধারণা, বাপ্পী র্যাবের একতরফা গুলিতে নিহত হয়েছেন।বাপ্পীর বোনের স্বামী মনজুরুল আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বাপ্পীর মৃত্যুর এক বছর হলো, তদন্তের বিষয়ে সরকার বা অন্য কারও পক্ষ থেকে তাঁরা কোনো ধরনের সংবাদ পাচ্ছেন না। তবে একটি সূত্রে তাঁরা জানতে পেরেছেন, সরকারের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন আইনি প্রক্রিয়ার দিকে যাব।’আরিফের মৃত্যু: র্যাব-৪-এর কয়েকজন সাদা পোশাকধারী সদস্য গত ২৪ জানুয়ারি মহিউদ্দিন আরিফকে ধরে নিয়ে যান। পরদিন র্যাবের পক্ষ থেকে আরিফের পরিবারকে জানানো হয়, তিনি পুলিশ হেফাজতে আছেন। ২৬ জানুয়ারি তাঁকে আদালতে পাঠানো হয়। গত ৪ ফেব্রুয়ারি আরিফ মারা যান।এ ব্যাপারে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, মহিউদ্দিন আরিফকে গ্রেপ্তার ও হেফাজতে আটক রাখার বিষয়ে অসত্য তথ্য জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে। আরিফকে গ্রেপ্তারের তারিখ, সময় ও স্থান সম্পর্কে র্যাবের বক্তব্য সন্দেহজনক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্মৃতিরানী ঘরামির নেতৃত্বে গঠিত একটি কমিটি এ ঘটনার ঘটনা তদন্ত করে। তদন্ত কমিটির সূত্র জানায়, আরিফ র্যাবের হেফাজতে ছিলেন ৩৬ ঘণ্টার বেশি, যা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।অভিযানে যাঁরা ছিলেন: র্যাব-৪, সিপিসি-২, মিরপুর-১-এর সদস্য সার্জেন্ট শ্রী বিশ্বনাথ রায়, ল্যান্স নায়েক আতিকুর রহমান ও কনস্টেবল বাবুল আখতার গত বছরের ২৫ জানুয়ারি পল্লবী থানার ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনের সময় সকাল ১০টায় কোম্পানি কমান্ডারের মাধ্যমে জানান, পল্লবী থানায় মামলা আছে এমন তিন থেকে চারজন আসামি লুণ্ঠিত মালামাল ভাগাভাগি করার জন্য সেকশন-৭, ঝিলপাড় বস্তি ভাঙ্গারি দোকানের সামনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পল্লবী থানা কর্তৃপক্ষ জানায়, আরিফ পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির সময় দুই পায়ে আঘাত পান। আসামির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।মৃত্যুর কারণ: আরিফের ময়নাতদন্ত প্রতিবেদনসহ কমিটি যেসব তথ্য পেয়েছে তাতে স্পষ্ট, ভোঁতা অস্ত্রের মাধ্যমে প্রচণ্ড আঘাতের কারণেই আরিফ মারা গেছেন। হাতের নখের জখম ছাড়া শরীরের বাকি জখমগুলো র্যাব হেফাজতে থাকার সময় সৃষ্ট। তদন্ত কমিটি এ জখমের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনকে দায়ী করেন। তদন্তে এ হত্যাকাণ্ডকে ‘নরহত্যা’ বলে মন্তব্য করা হয়েছে।আরিফের ভাই মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটি গঠনের কথা শুনেছিলাম। কিন্তু সরকার বা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।’তদন্ত কমিটির সুপারিশ: তদন্ত কমিটির প্রতিবেদনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় সোর্সের দেওয়া তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিচক্ষণ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া সোর্সদের তালিকা নিয়ন্ত্রণকারী কর্তৃৃপক্ষের কাছে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে। র্যাবের কোনো সদস্য দ্বারা দেশের কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত বা অন্যায়ভাবে আক্রান্ত হলে অথবা নাগরিকের সাংবিধানিক কোনো অধিকার ক্ষুণ্ন হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।নূর আলম বাবু: তাবানী বেভারেজ কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ছেলে নূর আলম বাবুকে গত বছরের ১৩ মে তাঁর চায়ের দোকান থেকে সমবয়সী তরুণ রাসেল ডেকে নিয়ে মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১১টা পর্যন্ত বাবু ফিরে না এলে তাঁর কর্মচারী দোকান বন্ধ করে চলে যান। পরদিনও বাবু বাসায় না ফিরলে রাসেলের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। বাবুর স্ত্রী আঁখি বেগম ও তাঁর মা জাহানারা বেগমকে পরদিন বাবু জানান, তাঁকে র্যাবের লোকেরা ধরে নিয়ে গেছে, তিনি মিরপুর থানায় আছেন। থানায় গিয়ে বাবুর পরিবার জানতে পারে, তাঁকে ডিবিতে নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। পরদিনও বাবুকে পাওয়া না গেলে তাঁর পরিবার এ বিষয়ে একটি জিডি করে। ১৫ মে রাসেল মুঠোফোনে বাবুর পরিবারকে জানান, র্যাব-৩-এর সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু নিহত হয়েছেন বলে টিভিতে সংবাদ প্রচার করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুন নাহারের নেতৃত্বে গঠিত একটি কমিটি এ ঘটনার তদন্ত করে। তদন্ত কমিটির প্রতিবেদনে এ ঘটনাকেও হত্যাকাণ্ড বলা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে র্যাব-৩-এর টহলদলের সদস্যদের সংশ্লিষ্টতা রয়েছে। টহলদলের বক্তব্য অনুযায়ী শাহাদাত বাহিনীর সন্ত্রাসীদের তৎপরতা বাড়ায় র্যাব খিলগাঁও ও সবুজবাগ এলাকায় রাতের টহল বাড়িয়েছিল। তদন্ত কমিটি জানায়, র্যাবের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কেননা শাহাদাত বাহিনীর তৎপরতা মিরপুর, কল্যাণপুর এলাকায় সীমাবদ্ধ, সবুজবাগে নয়।সুপারিশ: তদন্ত কমিটি জানায়, নিহত নূর আলম বাবু কোনো সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন না। এই অমানবিক ও নৃশংস ঘটনায় জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার উদ্দেশ্যে অভিযানে অংশগ্রহণকারী র্যাব-৩ টহলদলের দলনেতা ডিএডি মো. জাকির মাহমুদ, অভিযান পরিচালনা ও গুলি চালানোর আদেশ দানকারী কোম্পানি কমান্ডার মেজর মোস্তাফিজুর রহমানকে আইনি প্রক্রিয়ার আওতায় আনার সুপারিশ করেছে তদন্ত কমিটি।র্যাবের বক্তব্য: জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, তদন্ত কমিটিতে র্যাবের কোনো প্রতিনিধি ছিল না। তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। তা ছাড়া র্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন।বাপ্পীর মৃত্যুর ঘটনার ব্যাপারে তিনি বলেন, ওই ঘটনার পর আইন অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট বিভাগীয় তদন্ত করেছেন। সেই তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছেন। এ কারণে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। আরিফের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, আরিফ নামের কেউ র্যাব হেফাজতে মারা যাননি। যে আরিফের কথা বলা হয়েছে, তাঁর মৃত্যু হয়েছে কারা হেফাজতে। র্যাব এসব মৃত্যুর ব্যাপারে কোনো কিছু জানেন না। নূর আলম বাবুর মৃত্যুর ব্যাপারে র্যাব কিছু জানে না বলে তিনি মন্তব্য করেন।আইনের ঊর্ধ্বে কেউ নয়: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, র্যাব তাদের কার্যবিধি ও শৃঙ্খলার বাইরে গিয়ে যা করেছে তা আইনবহির্ভূত, সংবিধানবহির্ভূত। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী র্যাবের অভিযুক্ত কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তদন্ত কমিটি র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা কিসের ভিত্তিতে র্যাব ভিত্তিহীন বলছে, সে বিষয়ে আগে ব্যাখা দেওয়া উচিত। তিনি বলেন, র্যাব যে মন্ত্রণালয়ের অধীনে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তদন্ত করেছে, তাহলে তো বলতে হবে তাদের নিজস্ব মন্ত্রণালয় ভিত্তিহীন তথ্য দিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। সুলতানা কামাল বলেন, ‘তদন্ত কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেখানে র্যাবের প্রতিনিধির কেন প্রয়োজন হবে তা আমার বোধগম্য নয়। তাহলে কি বলব, র্যাব বাইরের কেউ, যাদের কোনো দায়বদ্ধতা নেই!’