র‌্যাবকে প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবকে প্রশিক্ষণ দিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছেন ব্রিটিশ আইনজীবীরা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা একটি বাহিনীকে ব্রিটিশ সরকারের প্রশিক্ষণ দেওয়ার বৈধতা যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করতে যাচ্ছেন তাঁরা। গত বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান।সম্প্রতি ভিন্নধারার সংবাদমাধ্যম উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন কূটনৈতিক বার্তা থেকে জানা গেছে, র‌্যাবকে যুক্তরাজ্য সরকার প্রশিক্ষণ দিয়েছে। গত মঙ্গলবার গার্ডিয়ান এ-সংক্রান্ত খবর প্রকাশ করে। পত্রিকাটির খবরের শিরোনাম ছিল ‘উইকিলিকস কেবল্স: বাংলাদেশি “ডেথ স্কোয়াড” ট্রেইনড বাই ইউকে গভর্নমেন্ট।’ এই খবর প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ সরকার। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটেনে আইনজীবীদের একটি প্রতিষ্ঠান ‘পাবলিক ইন্টারেস্ট লইয়ার্স’ এই উদ্যোগ নিয়েছে।বৃহস্পতিবার রাতে পাবলিক ইন্টারেস্ট লইয়ার্সের প্রধান আইনজীবী ফিল শিনার ব্রিটেনের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে লেখা চিঠিতে অভিযোগ করেন, যুক্তরাজ্য বাংলাদেশের বাহিনীকে যে ধরনের সাহায্য-সহযোগিতা করেছে, তার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও বিধি লঙ্ঘিত হয়েছে। যুক্তরাজ্যের অবশ্যই র‌্যাবের প্রতি সমর্থন প্রত্যাহার করা উচিত এবং এ ব্যাপারে তদন্ত করা উচিত। সম্ভব হলে ওই বাহিনীর কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।শিনার বলেন, ‘নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের সরকারের ভণ্ডামিপূর্ণ পদক্ষেপের জন্য ব্রিটিশ জনগণের মর্মাহত হওয়া উচিত। সরকার ভাব করে, তারা নির্যাতন ও হত্যাকাণ্ডের নিন্দা করে, কিন্তু বাস্তবে তারা এমন রাষ্ট্রকে সহযোগিতা করছে, যারা নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের চিত্রই প্রকাশ করেছে।’তবে র‌্যাবকে প্রশিক্ষণে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে, তাদের দেশের আইন মেনেই সন্ত্রাসবিরোধী কার্যক্রমে র‌্যাবকে সহায়তা দেওয়া হচ্ছে। দপ্তরের একজন মুখপাত্র বলেন, তাঁরা র‌্যাবের জন্য মানবাধিকার রক্ষার বিষয়ে প্রশিক্ষণকার্যক্রম চালিয়েছেন। যদিও ব্রিটেনের ন্যাশনাল পুলিশিং ইমপ্রুভমেন্ট এজেন্সির (এনপিআইএ) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা র‌্যাবের জন্য অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। অন্যদিকে এ ব্যাপারে র‌্যাবের প্রশিক্ষণ শাখার প্রধান পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মেজবাহ উদ্দিন গার্ডিয়ানকে বলেন, কয়েক মাস আগে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি এ পর্যন্ত মানবাধিকার রক্ষাবিষয়ক কোনো প্রশিক্ষণের ব্যাপারে অবগত নন।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের মার্চে যাত্রা শুরু করে র‌্যাব। প্রতিষ্ঠার পর থেকে ক্রসফায়ারের মাধ্যমে বিচারবহির্ভূতভাবে প্রায় এক হাজার লোক হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। র‌্যাবের পক্ষ থেকে ছয় শতাধিক লোককে ‘ক্রসফায়ার’-এর মাধ্যমে হত্যার কথা স্বীকার করা হয়েছে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গত মাসে মানবাধিকার-বিষয়ক একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেখানে র‌্যাবকে সহায়তা দেওয়ার ওই অভিযোগের বিষয়টি তোলার সম্ভাবনা রয়েছে। পরিষদের সদস্য আইনজীবী স্বপ্না মালিক গার্ডিয়ানকে বলেন, ‘প্রতিবেদনটি বিব্রতকর। আমি বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা পরিষদে তুলব।’যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ চার বছরের বেশি সময় ধরে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে। যুক্তরাজ্যকে তাৎক্ষণিকভাবে এই বাহিনীর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। গার্ডিয়ান অনলাইন।