র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাজ্য সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসে ফাঁস হওয়া বাংলাদেশ-সংক্রান্ত এক গোপন বার্তায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে একই ধরনের সন্ত্রাসবিরোধী লক্ষ্য ধারণ করে এবং দেশ দুটি এ ব্যাপারে একযোগে কাজ করার ব্যাপারে একমত। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিন্ন সন্ত্রাসবিরোধী লক্ষ্যের ব্যাপারে উইকিলিকসের ফাঁস হওয়া গোপন বার্তা প্রকাশ করে।উইকিলিকসের ফাঁস হওয়া বার্তায় আরও দেখা যায়, র‌্যাবকে অধিক স্বচ্ছ, জবাবদিহি ও মানবাধিকারবান্ধব আধা-সামরিকবাহিনী করতে র‌্যাবের প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা মূল্যায়ন করেছেন। জিজ্ঞাসাবাদের কৌশলের ব্যাপারে যুক্তরাজ্যের সরকার র‌্যাবকে ১৮ মাস প্রশিক্ষণ দিয়েছে বলে এই গোপন বার্তায় উঠে এসেছে। তবে গার্ডিয়ান র‌্যাবকে যুক্তরাজ্যের সরকারের এই প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটি নিয়ে শিরোনাম করেছে, ‘বাংলাদেশি ডেথ স্কোয়াড ট্রেইনড বাই ইউকে গভর্নমেন্ট’।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি র‌্যাবের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘অচিরেই র্যাব যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের মতো একট সংস্থায় পরিণত হবে।’ সন্ত্রাসবিরোধী অভিন্ন কৌশল বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি পর্যায়ের কর্মকর্তাদের সফরেরও আয়োজন করেছে বলে ফাঁস হওয়া বার্তায় জানা যায়।