র‌্যাবকে প্রশিক্ষণ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ থাকায় পুলিশের অভিজাত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) প্রশিক্ষণ না দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে এক ই-মেইল বার্তায় বলেন, ‘যে আইনের প্রতি সম্মান রাখা প্রয়োজন, সেই আইন লঙ্ঘন করে কোনো জাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারে না।’ তিনি আরও বলেন, ‘অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। তাই বলে শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে ধরে মেরে ফেলা ঠিক নয়।’এইচআরডব্লিউ মনে করে, র‌্যাবের সংস্কারের জন্য বাংলাদেশের ওপর বিভিন্ন দেশের চাপ সৃষ্টি করার এখনই সময়। মীনাক্ষী গাঙ্গুলি ই-মেইলে উল্লেখ করেন, ‘র‌্যাব সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এই বাহিনীকে কোনো সহযোগিতা করা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য ঠিক হবে না। এতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তারাও অভিযুক্ত হবে।’ র‌্যাবের মাধ্যমে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের সক্ষমতা কমে যাবে বলে মনে করে এইচআরডব্লিউ।আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া তারবার্তার ভিত্তিতে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গত বুধবার জানায়, তিন বছর ধরে যুক্তরাজ্য র‌্যাবকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। আর বাহিনীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় তাদের প্রশিক্ষণ দিতে অনাগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তবে ব্রিটিশ ও মার্কিন উভয় সরকারই র‌্যাবের ক্ষমতা বাড়ানোর পক্ষে বলে ওই সব তারবার্তা থেকে জানা যায়।ওই তারবার্তা ফাঁস এবং এ নিয়ে খবর প্রকাশের পরই র‌্যাবকে প্রশিক্ষণ না দেওয়ার জন্য ব্রিটিশ ও মার্কিন সরকারের প্রতি আহ্বান জানাল এইচআরডব্লিউ। সংস্থাটি ২০০৯ সালের একটি প্রতিবেদনে জানায়, আগের পাঁচ বছরে এক হাজারেরও বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র‌্যাব সদস্যরা দায়ী।২০০৯ সালের মে মাসে একটি তারবার্তায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উল্লেখ করেন, মানবাধিকার ও অনুসন্ধানী জিজ্ঞাসাবাদের কৌশলসহ বিভিন্ন বিষয়ে র‌্যাবকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। এর আগে ২০০৮ সালের আগস্ট মাসে অপর এক তারবার্তায় মরিয়ার্টি লেখেন, ‘যুক্তরাষ্ট্র র‌্যাবকে শুধু মানবাধিকার বিষয়েই প্রশিক্ষণ দিতে পারে। বাহিনীটির বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় অন্য কোনোভাবে তাদের সহযোগিতা করা মার্কিন আইনের পরিপন্থী হবে।’ফাঁস হওয়া তারবার্তা থেকে আরও জানা যায়, বাংলাদেশের প্রতিবেশী ভারতও মনে করে সন্ত্রাসবাদ মোকাবিলায় র‌্যাব একটি কার্যকর বাহিনী হতে পারে। এ ছাড়া ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকেরা মনে করেন, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাংলাদেশের জনগণের একটি বড় অংশের সমর্থন আছে র‌্যাবের প্রতি।