র‌্যাবকে মানবাধিকার-বিষয়ক প্রশিক্ষণ দিতে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, র‌্যাবের প্রশিক্ষণে ত্রুটি রয়েছে। নয়তো তারা কাউকে যখন ধরতে যায়, তখন অভিযুক্ত অপরাধী মারা যায় কেন। গুলিটা এমন জায়গায় কেন লাগে, যাতে সে আহত হয় না। এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার দরকার আছে।আজ বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন, এএলআরডি ও আইএনএসইয়ের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মিজানুর রহমান বলেন, র‌্যাবের যদি মানবাধিকার-বিষয়ক প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাহলে জাতীয় মানবাধিকার কমিশন তাদের সেই প্রশিক্ষণ দিতে রাজি আছে।সাম্প্রতিক কড়াইল বস্তি উচ্ছেদের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, কাউকে বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে বস্তি থেকে উচ্ছেদ করা মানবাধিকারের লঙ্ঘন।সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে হত্যা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি ভারতীয় মানবাধিকার কমিশনকে জানানো হয়েছে। ভারতীয় মানবাধিকার কমিশন বিষয়টি সে দেশের কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করেছে। আশা করি, এ ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে শূন্যের কোঠায় পৌঁছাবে।’মানবাধিকার, খাদ্য ও ভূমিতে মানুষের অধিকার শীর্ষক এ কর্মশালা শেষে ঢাকা ঘোষণা পাঠ করা হয়। এখানে কৃষিজমি রক্ষা, সবার জন্য খাদ্য ও ভূমির অধিকার নিশ্চিত করার সুপারিশ উত্থাপন করা হয়।