র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা। র্যাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার এক বৈঠকে তাঁরা এ দাবি জানান। বৈঠকে র্যাবের আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান এবং পরিচালক পদমর্যাদার সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে র্যাবের কর্মকর্তারা তাঁদের এক বছরের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে জানান। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। র্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৈঠকে র্যাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার অনুরোধ জানিয়ে বলা হয়, মিছিল-সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ডে র্যাবকে জড়ালে জনমনে র্যাবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। এতে র্যাবের প্রতি মানুষের যে আস্থা আছে, তা থাকবে না। র্যাবের কর্মকর্তারা দলীয় নেতাদের গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য কোনো তদবির না করারও অনুরোধ জানান।সূত্র আরও জানায়, বৈঠকে র্যাবের জনবল বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। বলা হয়, অনেক স্থানে জনবল না থাকায় র্যাব কার্যক্রম চালাতে পারছে না। বৈঠকে নতুন তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়। এ তিনটি ব্যাটালিয়ন হবে রংপুর, ময়মনসিংহ ও পার্বত্য এলাকায়।সূত্র জানায়, বৈঠকে র্যাবের সদস্যরা তাঁদের কাজের গুরুত্ব বিবেচনা করে শত ভাগ র্যাব ভাতা দাবি করেন। বর্তমানে তাঁরা বেতনের ৭৫ শতাংশ র্যাব ভাতা পান। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানান। র্যাবের আইন শাখার পক্ষ থেকে বলা হয়, র্যাবের ১২টি ম্যাজিস্ট্রেটের পদ থাকলেও বর্তমানে মাত্র একজন ম্যাজিস্ট্রেট আছেন। আরও ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভেজালবিরোধী অভিযান পরিচালনার জন্য র্যাবে আরও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। র্যাবের জন্য হেলিকপ্টার কেনার বিষয়টিও খুব দ্রুত সম্পন্ন হবে।একজন কর্মকর্তা জানান, র্যাবে কর্মকর্তা নিয়োগের আগে তাঁদের সম্পর্কে গোয়েন্দা তদন্ত হয় না। বৈঠকে গোয়েন্দা অনুসন্ধানের পরই র্যাবে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়। এ ছাড়া কর্মকর্তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্সের শর্ত শিথিল করার প্রস্তাব করা হয়। বর্তমানে ৩০ বছরের নিচে কর্মকর্তারা ব্যক্তিগত অস্ত্র পান না। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাব সদস্যদেরও পাঠানোর প্রস্তাব করা হয়।বৈঠকের পর কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে র্যাব যা করছে, তার তুলনা হয় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাকে আইজির নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার প্রস্তাব বিবেচনাধীন আছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র্যাবের ব্যাপারে আস্থা ভোট নিলে ৯৯ শতাংশ মানুষ র্যাবের সব কার্যক্রম সমর্থন করবে। তারা র্যাবের পক্ষে ভোট দেবে।স্বরাষ্ট্রসচিব বলেন, র্যাবের পরিধি বাড়ানো হচ্ছে। নতুন ব্যাটালিয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।আইজিপি বলেন, র্যাবের যে প্রয়োজন আছে, তা র্যাব নিজেই প্রমাণ করেছে।র্যাবের মহাপরিচালক বলেন, র্যাব প্রতিষ্ঠার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাত বছরে এর এক হাজার সদস্যের সাজা হয়েছে। এর মধ্যে ৬০০ জনকে গুরুদণ্ড দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে, র্যাব কোনো কিছুই ছাড় দেয় না।