চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় র্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে। তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা থানায় এ মামলা দায়ের করেন।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৯৫/৩৯৭ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মধ্যে র্যাবের ১০ জন সদস্য ও দুজন সোর্স রয়েছেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তিনি এসব কোনো কিছুই করেননি। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।মামলা দায়েরের ব্যাপারে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার জানার পরপরই আমরা সেটা তদন্ত করেছি। এতে সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার শুরু হয়। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনা তদন্ত করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত র্যাব সদস্যদের আটক করা হয়েছে বলে মহাপরিচালক জানান।আনোয়ারা থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগে তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস মিয়া বলেন, ৪ নভেম্বর বিকেলে র্যাবের কালো ও সাদা পোশাকপরা ২০-৩০ সদস্য দরবার শরিফের ভেতরে ঢুকে পড়েন। তাঁরা মূল ফটক বন্ধ করে দেন। এরপর দরবারের পীর আহমদ ছফা শাহকে দোতলায় মিলাদ পড়ার ঘরে আটক করেন। তাঁর স্ত্রী ও মেয়েদের নিচের তলায় মিলাদ ঘরের একটি কক্ষে আটকে রাখেন। এ সময় র্যাবের সদস্যরা সশস্ত্র অবস্থায় ছিলেন। তাঁরা আহমদ ছফাকে অস্ত্রের মুখে ভয়ভীতি এবং হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে জোর করে চাবি নিয়ে নিচতলায় এসে বিভিন্ন রুমে তল্লাশি চালান। সেখানে কোনো রকম আইনবিরোধী সরঞ্জামাদি না পেয়ে নিচের তলায় বিভিন্ন রুমের স্টিল আলমারি চাবি দিয়ে খুলে ফেলেন। এ সময় তিনটি আলমারির তালা ভেঙে সেখানে রাখা মূল্যবান কাগজপত্রাদি ফেলে দেন। আলমারির ভেতরে ছয়টি ট্রাভেল ব্যাগে দুই কোটি সাত হাজার টাকা ছিল। এ সময় র্যাবের সদস্যরা টাকাভর্তি ব্যাগগুলো নিয়ে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার পেছনে পেছনে চলে যান।র্যাব সূত্র জানায়, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের সুপারিশ করা হয়। র্যাবের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ মামলা দায়ের করা হলো।