র‌্যাবের কার্যক্রম নিয়মের মধ্যে আনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের কার্যক্রম নিয়মের মধ্যে পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, র‌্যাব যদি তাদের কার্যবিধি অনুযায়ী কাজ করত, তাহলে তাদের কার্যক্রম নিয়ে এত বিতর্ক উঠত না।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। আসকের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র‌্যাবের কার্যক্রম সম্পর্কে সুলতানা কামাল বলেন, ‘যেখানে পুলিশের পক্ষে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়, র‌্যাব সেখানে বিশেষ পরিস্থিতিতে ভূমিকা পালন করবে। এ কারণেই এলিট ফোর্স হিসেবে র‌্যাব গড়ে উঠেছিল। কিন্তু এখন চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে বলে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অনেকেই অভিযোগ করেছেন, তাঁদের স্বজনদের ধরে নিয়ে যাচ্ছে র‌্যাব। ক্রসফায়ারের ঘটনাগুলো নিয়েও বিতর্ক আছে।’ তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য র‌্যাবের কার্যক্রম নিয়মের মধ্যে আনা উচিত।সুলতানা কামাল বলেন, সবার সহযোগিতায় আসক ২৫ বছর পূর্ণ করল। ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর আসক জনগণের মৌলিক মানবাধিকার রক্ষায় কাজ করেছে। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি প্রদান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন, ধর্মীয় এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন, আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার আছে আসক। আসকের নির্বাহী পরিচালক বলেন, এত কিছুর পরও প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটছে। আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছে, তা এখনো উপেক্ষিত। নারীদের সম-অধিকার এখনো অর্জিত হয়নি। এখনো শিশুশ্রম আর শিশু নির্যাতন চলে অবলীলায়। নারী নির্যাতন বেড়েছে বহুগুণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় প্রকৃত গণতন্ত্রায়ণ ঘটেনি, কমেনি মৌলবাদী জঙ্গিদের তৎপরতা, সম্পন্ন হয়নি যুদ্ধাপরাধের বিচার, বন্ধ হয়নি ফতোয়াবাজি, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড; অপহরণ, গুম, রিমান্ডের নামে নির্যাতন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুলতানা কামাল বলেন, ২৫ বছর পূর্ণ করা একটি সংগঠনের ক্ষেত্রে নিঃসন্দেহে বিরাট গুরুত্ব বহন করে। তাই সময়টিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বছরব্যাপী নানা প্রকাশনা, পাঠচক্র, কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে আসকের পরিচালক মো. নূর খান ও উপপরিচালক মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।